মার্কিন হামলায় ইরানে আরও ৮ জনের মৃত্যু

মার্কিন হামলায় ইরানে আরও ৮ জনের মৃত্যু

সংগৃহীত

যুক্তরাষ্ট্রের রাতভর হামলায় ইরানের বিভিন্ন প্রদেশের অবকাঠামো লক্ষ্য করে চালানো অভিযানে অন্তত আটজন নিহত এবং আরও ২০ জন আহত হয়েছেন। 

শুক্রবার (১৭ জুলাই) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত ইরানের কয়েকটি অঞ্চলে গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালানো হয়। তবে কোন কোন স্থাপনায় হামলা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ ও তথ্যকেন্দ্রের প্রধান হোসেইন কেরমানপুর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান, চলতি মাসে যুক্তরাষ্ট্রের পুনরায় শুরু করা হামলায় এখন পর্যন্ত মোট ৩৮ জন নিহত হয়েছেন।  এছাড়া ৪০০ জনের বেশি আহত হয়েছেন।

কেরমানপুরের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে তিনজন নারী এবং ১৮ বছরের কম বয়সি একজন কিশোর রয়েছেন। আহতদের মধ্যে ২২ জন নারী ও নয়জন অপ্রাপ্তবয়স্ক। বর্তমানে ৪৭ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি।

এদিকে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বৃহস্পতিবার জানিয়েছে, তারা ইরানের বিরুদ্ধে নতুন দফার সামরিক অভিযান সম্পন্ন করেছে।  টানা ষষ্ঠ রাতের মতো পরিচালিত এ অভিযানে ইরানের সামরিক সক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে সেন্টকম।

চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পায়। সে সময় যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এর জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকা দেশগুলোর দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

সংঘাত নিরসনের লক্ষ্যে গত মাসে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্মারকে (এমওইউ) সই করেছিল।  ওই সমঝোতার উদ্দেশ্য ছিল যুদ্ধের অবসান ঘটিয়ে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠা করা। তবে সাম্প্রতিক সময়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে আবারও উত্তেজনা বেড়েছে।

সূত্র: আনাদলু এজেন্স