নেত্রকোনার কেন্দুয়ায় চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু
প্রতিকি ছবি
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় চুরির অভিযোগে স্থানীয়দের গণপিটুনিতে ইমন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিকালে উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের পুরানবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ইমন ওই গ্রামেরই বাসিন্দা মো. নূরুল ইসলামের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পুরানবাড়ি গ্রামের লিটন ডাক্তারের বাড়িতে সিঁধ কেটে চুরির ঘটনা ঘটে। সে সময় নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল চুরি হয়। এই চুরির ঘটনায় স্থানীয়রা সরাসরি ইমনকে সন্দেহ করেন। ঘটনার পর ইমন নিজ এলাকা ছেড়ে পার্শ্ববর্তী ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারোবাড়ি বাজারে গিয়ে অবস্থান নেন। এরপর শনিবার স্থানীয় লোকজন তাকে ওই বাজার থেকে ধরে পুরানবাড়ি গ্রামে নিয়ে আসে।
নিজ গ্রামে আনার পর চুরির অভিযোগে স্থানীয়রা ইমনকে গণপিটুনি দেয়। কয়েক দফায় এই মারধর চলতে থাকে। এক পর্যায়ে গণপিটুনিতে আহত ইমন মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইমনের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে শনিবার সন্ধ্যায় কেন্দুয়া থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
ওসি বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি চুরির অভিযোগ তুলে স্থানীয়দের গণপিটুনিতে তার মৃত্যু হয়েছে। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। নিহতের পরিবার এখনও কোনো অভিযোগ দায়ের করেনি।