শেরপুরে বিলের দুর্গন্ধ মুছে ছায়া-সুনিবিড় বনায়নের উদ্যোগ
সংগৃহীত ছবি
শেরপুর পৌরসভার দীর্ঘদিনের দুর্গন্ধময় ময়লার ভাগাড় ফুল, ফল ও ঔষধি গাছে সাজিয়ে একটি দৃষ্টিনন্দন বনায়ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (১৮ জুলাই) দুপুরে শেরপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের নবীনগর এলাকার ‘আমনকড়া বিল’ নামের এই স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শেরপুর পৌরসভার দুই একর জমির ওপর এই ছয় শতাধিক গাছের চারা রোপণ কাজের উদ্বোধন করেন। এর নাম দেওয়া হয়েছে ‘আকাশলীনা’। এর রক্ষণাবেক্ষণসহ যাবতীয় সৌন্দর্য বর্ধনের কাজটি করবে শেরপুর পৌরসভা।
এ সময় শেরপুর জেলা পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলাম, পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আরিফা সিদ্দিকা, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবু লায়েছ মো. বজলুল করিম, সহকারী প্রকৌশলী মো. খোরশেদ আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
শেরপুর পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা বলেন, দীর্ঘদিন ধরে এই আমনকুড়া বিলটি পঁচা নর্দমা ছিল। এখন থেকে এটি ‘আকাশলীনা’ হিসেবে পরিচিত হবে। এখানে ঔষধি, ফুল ও ফুলের গাছের মাধ্যমে দৃষ্টিনন্দন বনে পরিণত করা হবে।
প্রধান অতিথি জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, প্রধানমন্ত্রীর আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। গাছ লাগিয়ে এই অবহেলিত স্থানটিকে একটি দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় স্পটে রূপ দেওয়া হবে। ভবিষ্যতে এটি ফুল, ফল, ছায়া আর পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠবে। যা এই অঞ্চলের প্রাণ ও প্রকৃতির ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।