সৌদির পর যুদ্ধের আগুন এবার মিশরে, ছড়িয়ে পড়ছে মধ্যপ্রাচ্যে
সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ এখন পারস্য উপসাগর ছাড়িয়ে লোহিতসাগর, কাস্পিয়ান সাগর এবং ইরাক-জর্ডান সীমান্ত পর্যন্ত নতুন নতুন অঞ্চলে ছড়িয়ে পড়ছে। এই সংঘাতে জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা, ইরাকে যৌথ সামরিক অভিযান এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের তেল স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। যুদ্ধের এই আগুন ছড়িয়ে পড়েছে মিশরেও।
আগেই যুদ্ধে জড়িয়েছে সৌদি আরব। আশঙ্কা করা হচ্ছে, সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির কারণে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে পাকিস্তানও। সাম্প্রতিক এই পরিস্থিতি আন্তর্জাতিক বাজারে জ্বালানিসংকট ও বড় ধরনের আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি তৈরি করেছে। এদিকে জর্ডানে সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে তিনটি মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে তেহরান। এর জবাবে যুক্তরাষ্ট্র টানা দুই ঘণ্টা ইরানের বিভিন্ন স্থানে শক্তিশালী হামলা চালিয়েছে।
নতুন যেসব অঞ্চলে সংঘাত বাড়ছে
জর্ডান ও ইরাক :জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা এবং এর জবাবে পূর্ব ইরাকে যুক্তরাষ্ট্র ও সৌদি বাহিনীর যৌথ সামরিক অভিযান হয়েছে। লোহিতসাগর :ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা সম্প্রতি লোহিতসাগর উপকূলে সৌদি আরবের তেল স্থাপনা ও ট্যাংকারে হামলা চালায়। পারস্য প্রণালি ও কাস্পিয়ান সাগর :হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা এবং কাস্পিয়ান সাগরে বাণিজ্যিক জাহাজে উত্তেজনার পারদ চড়েছে। ইউক্রেনের হামলায় কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাকে ঘিরে মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধের মধ্যে নতুন এক সংযোগ তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অনেক বিশ্লেষকের মতে, যদি এই ধরনের হামলা অব্যাহত থাকে, তবে হরমুজ প্রণালি ও লোহিতসাগরের পর কাস্পিয়ান সাগরও আঞ্চলিক সংঘাতের নতুন মঞ্চে পরিণত হতে পারে। ইরানের দাবি, শনিবার কাস্পিয়ান সাগরে ইউক্রেনের হামলায় একটি ইরানি বাণিজ্যিক জাহাজে বিস্ফোরণ ঘটে। এতে একজন নাবিক নিহত এবং আরেকজন আহত হন। ঘটনার পর তেহরান ইউক্রেনের কূটনীতিককে তলব করে এ হামলাকে শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক আখ্যা দেয়।
মিশরের ভূমধ্যসাগরীয় বন্দর নগরী দামিয়েত্তায় দুটি গ্যাসবাহী ট্যাংকারে ড্রোন হামলা হয়েছে। এ ঘটনা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। সুয়েজ খালের কাছাকাছি এই হামলার পর আন্তর্জাতিক নৌপথ এবং সৌদি আরবের তেল রপ্তানির নিরাপত্তা নিয়েও নতুন উদ্বেগ তৈরি হয়েছে। গতকাল বৃহস্পতিবার মিশরের মন্ত্রিসভা জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে, বুধবার একটি অজ্ঞাত ড্রোনের আঘাতে দামিয়েত্তা বন্দরে দুটি জাহাজে আগুন লাগে। ভূমধ্যসাগরকে লোহিতসাগরের সঙ্গে সংযুক্ত করা সুয়েজ খালের কাছেই এ বন্দর অবস্থিত। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো সংগঠন দায় স্বীকার করেনি। মিশর সরকার জানিয়েছে, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার সম্পর্কে অবগত বাণিজ্যিক সূত্রগুলো বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, ড্রোনটি যুক্তরাষ্ট্রের মালিকানাধীন গ্যাস সংরক্ষণ ট্যাংকার ‘এনারগোস উইন্টার’-এ আঘাত হানে। এতে আগুন ছড়িয়ে পাশের আরেকটি জাহাজেও ক্ষয়ক্ষতি হয়।
যুক্তরাষ্ট্র ও ইরানের পালটাপালটি হামলা
হুঁশিয়ারি আগেই দিয়ে রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানে প্রত্যাঘাত করল মার্কিন বাহিনী। জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার জবাবে গতকাল বৃহস্পতিবার ভোরে ইরানের একের পর এক নিশানায় আক্রমণ চালায় পেন্টাগন। মার্কিন বাহিনীর দাবি, দুই ঘণ্টা ধরে চলেছে এই আক্রমণ। অভিযান শেষে সেন্টকম এক বিবৃতিতে জানায়, আইআরজিসির সামরিক কমান্ড সেন্টার, ক্ষেপণাস্ত্র ও ড্রোন কেন্দ্র, উপকূলীয় নজরদারি ব্যবস্থা, প্রতিরক্ষা কেন্দ্র এবং নৌবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা হয়েছে। তবে কোন কোন এলাকায় তারা হামলা করেছে, সেটির নির্দিষ্টভাবে উল্লেখ নেই বিবৃতিতে। যদিও আইআরজিসি জানিয়েছে—কেশম, কিশ, বন্দর আব্বাস, আবাদান ও বুশেহরে মার্কিন হামলা হয়েছে। এর প্রতিশোধ নেওয়া হবে। প্রায় দুই সপ্তাহ ইরানে টানা হামলার পর শুক্রবার রাতের দিকে তা বন্ধ করে যুক্তরাষ্ট্র। আমেরিকা হামলা বন্ধ করার পর প্রাথমিকভাবে থেমেছিল ইরানও। তবে বিরতির পর আবার উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিম এশিয়া।
গতকাল আইআরজিসি জানায়, তাদের মহাকাশ ও ক্ষেপণাস্ত্র বাহিনী কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটির একটি র্যাম্প ও রক্ষণাবেক্ষণ শেডে হামলা চালায়। ঐ শেডে রাখা হয় মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। হামলায় তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান পুরোপুরি ধ্বংস হয়েছে এবং আরো তিনটি যুদ্ধবিমান ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। হামলায় শত্রুপক্ষের কয়েক জন কর্মকর্তা এবং কারিগরি ও রক্ষণাবেক্ষণ কর্মীও নিহত হয়েছে বলেও জানিয়েছে ইরানের বাহিনী। এদিকে কুয়েতের উত্তরাঞ্চলে চীনা কোম্পানির ভবনে ইরানের হামলায় এক কর্মী নিহত হয়েছে। হামলায় ভবনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। গালফ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, হামলাটি কীভাবে চালানো হয়েছে বা নিহত কর্মীর পরিচয় কী সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।