মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি
ছবি ; রয়র্টাস
আমেরিকা ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা ও সম্ভাব্য সংঘাত বৃদ্ধির আশঙ্কায় বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য বিশেষ ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এক বিবৃতিতে বলা হয়েছে, বর্তমানে এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত জটিল এবং পরিস্থিতি যেকোনো সময় আরো খারাপ হতে পারে।
এ কারণে বিশ্বজুড়ে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে অবস্থানরত আমেরিকানদের অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর তাদের নাগরিকদের সর্বশেষ পরিস্থিতি জানতে নিয়মিত খবরের ওপর নজর রাখার আহ্বান জানিয়েছে। সেই সাথে নিকটতম মার্কিন দূতাবাস বা কনস্যুলেট থেকে জারি করা নিরাপত্তা নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে। সতর্কবার্তায় আরো জানানো হয়েছে যে, এই আঞ্চলিক উত্তেজনার কারণে বিমান চলাচল ব্যাহত হতে পারে।
যেকোনো সময় ফ্লাইট বাতিল এবং পর্যায়ক্রমিক আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সতর্ক করে বলেছে, অতীতে মধ্যপ্রাচ্যের বাইরেও মার্কিন কূটনৈতিক স্থাপনাগুলো হামলার শিকার হয়েছে। ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো আবারও বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিক, তাদের স্বার্থ এবং যুক্তরাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন স্থানে নতুন করে লক্ষ্যবস্তু বানাতে পারে।
গত মাসে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া একটি গুরুত্বপূর্ণ ১৪-দফা সমঝোতা স্মারক ভেঙে যাওয়ার পর থেকেই এই উত্তেজনার সূত্রপাত।
ওই সমঝোতার মূল লক্ষ্য ছিল দুই দেশের মধ্যকার শত্রুতা দূর করা, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ এবং হরমুজ প্রণালীর সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু এই চুক্তিটি ভেস্তে যাওয়ার পর থেকে দুই পক্ষের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়। যার ফলে মার্কিন বাহিনী ইরানের সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে এবং এর জবাবে ইরানও উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে।