বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পাঁচ দিন পর মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু
প্রতিকি ছবি
চট্টগ্রামের হাটহাজারীতে বাড়ির সামনে পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া এক মাদ্রাসাশিক্ষার্থীর পাঁচ দিন পর মৃত্যু হয়েছে।
রবিবার (১৯ জুলাই) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মোহাম্মদ আলিফ হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব মন্দাকিনী এলাকার মোহাম্মদ শাহেদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই নিজ বাড়ির সামনে থাকা একটি পেয়ারা গাছে ফল পাড়তে ওঠে আলিফ।
এ সময় গাছের পাশ দিয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংস্পর্শে এসে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে তার শরীরের বেশির ভাগ অংশ দগ্ধ হয়।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে টানা পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর রোববার সকালে তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য মো. সেলিম জাহাঙ্গীর বলেন, পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলিফ গুরুতর আহত হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়েছে। একই দিন সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।