আদালতে সাবেক স্বামীকে মারধর, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড

আদালতে সাবেক স্বামীকে মারধর, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড

ফাইল ছবি

বরিশালে যৌতুক মামলায় হাজিরা শেষে জামিন পাওয়া সাবেক স্বামীকে আদালত চত্বরে মারধরের ঘটনায় সাবেক স্ত্রীকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (১৯ জুলাই) বরিশালের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের এজলাসের সামনে এ ঘটনা ঘটে।

আদালত সূত্রে জানা গেছে, অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এস এম শরিয়ত উল্লাহ সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে দণ্ডিত ফাতিমা মনিষাকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন এবং সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়

দণ্ডিত ফাতিমা মনিষা বরিশাল নগরীর দক্ষিণ সদর রোড এলাকার বাসিন্দা জাহাঙ্গীর হোসেন তালুকদারের মেয়ে।

সাবেক স্বামী মো. সাজ্জাদ হোসেন জানান, গত ৩ ফেব্রুয়ারি তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর ফাতিমা মনিষা তার বিরুদ্ধে একটি যৌতুক মামলা করেন। ওই মামলায় হাজিরা দিতে রবিবার আদালতে গেলে আদালত তাকে জামিন দেন এবং তার মাকে মামলা থেকে অব্যাহতি দেন।

তিনি অভিযোগ করেন, আদালত থেকে বের হওয়ার পর সাবেক স্ত্রী তার শার্টের কলার ধরে মাথায় ঘুষি মারেন এবং চড়-থাপ্পড় দেন।

বিষয়টি তাৎক্ষণিকভাবে বিচারকের নজরে আনা হলে আদালত ব্যবস্থা নেন।

অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বেঞ্চ সহকারী রাজিব মজুমদার বলেন, চলমান এজলাসের সামনে মামলার বাদী আসামির ওপর হামলা করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারক সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে বাদীকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।