পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’, জলছাপে থাকবেন আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিম

পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’, জলছাপে থাকবেন আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিম

সংগৃহীত ছবি

ছয় বছর পর বাংলাদেশি পাসপোর্টে আবারও পুনর্বহাল হচ্ছে ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দবন্ধটি। একই সঙ্গে নতুন ই-পাসপোর্টের জলছাপে জুলাই গণ-আন্দোলনে শহীদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও ওয়াসিম আকরামের ছবি সংযোজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রবিবার (১৯ জুলাই) এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নুরুজ্জামানের সই করা আদেশে পাসপোর্টের বিভিন্ন পৃষ্ঠায় ব্যবহৃত নকশা ও জলছাপের বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে।

আদেশ অনুযায়ী, পাসপোর্টের ৩০ ও ৩১ নম্বর পৃষ্ঠায় জুলাই গণ-অভ্যুত্থান তুলে ধরা হবে।  

বর্তমান পাসপোর্টে জলছাপ হিসেবে রয়েছে জয়নুল আবেদিনের চিত্রকর্ম, মেট্রোরেল, সুন্দরবন, চা-বাগান, সোনালি আঁশ, ষাট গম্বুজ মসজিদ, কার্জন হল, নৌকা ও প্রকৃতি, পাসপোর্ট পার্সোনালাইজেশন কমপ্লেক্স, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, মডেল মসজিদ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, বঙ্গবন্ধু স্যাটেলাইট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, বঙ্গবন্ধু সেতু, পদ্মা সেতু, হাতিরঝিল, কক্সবাজার সমুদ্রসৈকত, লালবাগ কেল্লা, শিখা অনির্বাণ, মুজিবনগর স্মৃতিসৌধ, সুপ্রিম কোর্ট এবং বঙ্গবন্ধুর সমাধিস্থল।

নতুন আদেশ অনুযায়ী, পাসপোর্টে জলছাপ হিসেবে থাকবে জাতীয় ফুল শাপলা, রয়েল বেঙ্গল টাইগার, জাতীয় পাখি দোয়েল, শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ, জাতীয় সংসদ ভবন, সুপ্রিম কোর্ট, দিনাজপুরের কান্তজিউ মন্দির, সোহরাওয়ার্দী উদ্যানের শিখা অনির্বাণ, লালবাগ কেল্লা থাকবে।

এছাড়া কক্সবাজারের ঝাউবনসংবলিত সমুদ্রসৈকত (নৌকা ছাড়া), সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, জাতীয় মাছ ইলিশ, বান্দরবানের নীলগিরি, ঢাকার আহসান মঞ্জিল, জাতীয় ফল কাঁঠাল, বান্দরবানের স্বর্ণমন্দির, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, রাজশাহীর আমবাগান, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ঐতিহাসিক পানামনগর, কার্জন হল, ষাট গম্বুজ মসজিদ, সোনালি আঁশ পাট, চা-বাগান, সুন্দরবন, খ্রিষ্টধর্মের হলি রোজারি চার্চ এবং জয়নুল আবেদিনের চিত্রকর্ম ‘সংগ্রাম’ থাকবে।

এছাড়া নতুন পাসপোর্টের সামনের প্রচ্ছদে জাতীয় স্মৃতিসৌধ এবং পেছনের প্রচ্ছদে জাতীয় সংসদ ভবনের ছবি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।