হেরেই চলেছে ভারত, এবার ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে

হেরেই চলেছে ভারত, এবার ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে

সংগৃহীত ছবি

লর্ডসে স্বাগতিক ইংল্যান্ডের কাছে ২৭ রানে হেরে ওয়ানডে সিরিজ হাতছাড়া করল ভারত। রান তাড়া করতে প্রথমে আশা দেখালেও পরে ভারতীয় ব্যাটিং লাইনআপে চরম ধস নামে। ফলে শেষ ওডিআই ম্যাচে পরাজয় বরণ করতে হয়েছে সফরকারীদের। আর এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ২-১ ব্যবধানে জিতে নিল ইংল্যান্ড।

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৩ উইকেটে ৩৮৭ রানের পাহাড় গড়ে ইংল্যান্ড। ইংলিশদের হয়ে বেন ডাকেট খেলেন ১৪১ রানের এক বিধ্বংসী ইনিংস। আর জেকব বেথেল করেন ৯১ রান। লর্ডসের উইকেটে ভারতীয় বোলাররা ছিলেন একেবারেই দিশেহারা। ১০ ওভারে ৯৭ রান খরচ করেন গুরনুর ব্রার এবং অর্শদীপ সিং দেন ৭২ রান।

৩৮৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ভারতকে ভালো শুরু এনে দেন অধিনায়ক শুভমন গিল। তিনি খেলেন ৭৭ রানের লড়াকু ইনিংস। অন্যদিকে, মাস্টারক্লাস ব্যাটিংয়ে লর্ডসের ঐতিহাসিক ভেন্যুতে নিজের প্রথম ওয়ানডে হাফ-সেঞ্চুরি তুলে নেন ক্রিকেট কিংবদন্তি বিরাট কোহলি।

তবে লর্ডসের আলো কেড়ে নেন ওপেনার রোহিত শর্মা। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের গুঞ্জন উড়িয়ে দিয়ে তিনি খেলেন ১১০ বলে ১৩৮ রানের এক নান্দনিক ইনিংস। এই চোখ ধাঁধানো সেঞ্চুরির মাধ্যমে লর্ডসের মাটিতে ওয়ানডেতে সেঞ্চুরি করা প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে ইতিহাস গড়েন রোহিত। একই সঙ্গে তিনি টপকে যান সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর অনন্য রেকর্ডকে।

ম্যাচটি ভারত হারলেও একটা সময় জয়ের পথেই ছিল তারা। একপর্যায়ে ভারতের সংগ্রহ ছিল ৩ উইকেটে ৩০৪ রান। কিন্তু ৪৫তম ওভারের মধ্যে দ্রুত রোহিত ও বিরাট কোহলি বিদায় নিতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতীয় মিডল অর্ডার। শ্রেয়স আইয়ার (০) ও কেএল রাহুল (১২) চাপের মুখে হাল ধরতে ব্যর্থ হলে শেষ পর্যন্ত ৩৬০ রানেই গুটিয়ে যায় ভারত। এর মাধ্যমে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে থাকা ভারত হারলো সপ্তম স্থানে থাকা ইংল্যান্ডের কাছে।

ইংল্যান্ডের পক্ষে বল হাতে দারুণ সফল স্যাম কারান নেন ৪টি উইকেট। প্লেয়ার অব দ্যা ম্যাচ হয়েছেন জ্যকব বেথেল। আর সিরিজ সেরা হয়েছেন জো রুট।

এই পরাজয়ের পর টিম ইন্ডিয়ার সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠে গেছে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ হারের পর ইংল্যান্ডের কাছে প্রথমে টি-২০ এবং এবার ওয়ানডে সিরিজেও পরাস্ত হতে হলো ভারতকে। ফলে ব্যাক-টু-ব্যাক টানা তিনটি সিরিজ পরাজয়ের গ্লানি নিয়ে মাঠ ছাড়তে হলো ভারতকে।