হেফাজতের আমিরকে নিয়ে ইলিয়াসের মন্তব্যের নিন্দা জমিয়তের

হেফাজতের আমিরকে নিয়ে ইলিয়াসের মন্তব্যের নিন্দা জমিয়তের

ফাইল ছবি

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীকে নিয়ে সাংবাদিক ইলিয়াসের করা মন্তব্যকে ‘বেয়াদবিপূর্ণ ও অসম্মানজনক’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

রোববার (১৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক এবং মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এ নিন্দা জানান।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, দেশের যেকোনো ব্যক্তি বা গোষ্ঠীর অবদান স্বীকার করা হলেও তা কখনোই শীর্ষস্থানীয় ও বয়োজ্যেষ্ঠ আলেম-উলামাদের বিরুদ্ধে অশালীন, অবমাননাকর ও উসকানিমূলক ভাষা ব্যবহারের বৈধতা দেয় না। মতপ্রকাশের স্বাধীনতা ব্যক্তিগত আক্রমণ, শিষ্টাচারবহির্ভূত বক্তব্য কিংবা জাতির শ্রদ্ধেয় আলেমদের মর্যাদা ক্ষুণ্ন করার সুযোগ হতে পারে না।

তারা আরও বলেন, জুলাইয়ের আন্দোলন বা অন্য যেকোনো জাতীয় প্রেক্ষাপটে কারও অবদান থাকতে পারে। তবে সেই অবদানকে পুঁজি করে আলেম সমাজের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো, বিভ্রান্তি সৃষ্টি করা এবং জনমনে অস্থিরতা তৈরির চেষ্টা দায়িত্বহীন ও নিন্দনীয়। এ ধরনের বক্তব্য জাতীয় ঐক্য ও সামাজিক সম্প্রীতির জন্য ক্ষতিকর বলেও উল্লেখ করেন তারা।

জমিয়তের নেতারা সাংবাদিক ইলিয়াসকে তার আপত্তিকর বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করে আলেম সমাজ ও ধর্মপ্রাণ মানুষের অনুভূতির প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান। একই সঙ্গে গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীলতা, শালীনতা ও পারস্পরিক সম্মানবোধ বজায় রেখে মতামত প্রকাশের আহ্বান জানান।

বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আশা প্রকাশ করে, সমাজে সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও জাতীয় ঐক্য অক্ষুণ্ণ রাখতে সবাই সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দেবেন।