সাত সকালে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইরান
ফাইল ছবি
আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে ইরান। স্থানীয় সময় সোমবার সকালে দেশটির পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল কুজারান এলাকার কাছাকাছি।
সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, তেহরান বিশ্ববিদ্যালয়ের ইরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্যের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় ৮ কিলোমিটার গভীরে।
স্থানীয় সময় সকাল ৭টা ১৩ মিনিটে কম্পনটি অনুভূত হয়। এর উপকেন্দ্র কুজারান থেকে প্রায় ১৭ কিলোমিটার এবং কেরমানশাহ প্রাদেশিক রাজধানী থেকে প্রায় ৬৫ কিলোমিটার দূরে অবস্থিত ছিল।
এর মাত্র একদিন আগে, রবিবার (১৯ জুলাই) সকালে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশের সারান্দ এলাকায় ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১২ কিলোমিটার গভীরে।
ভূতাত্ত্বিক অবস্থানের কারণে ইরান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। দেশটি আরবীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় প্লেট দুটির ক্রমাগত গতিশীলতার ফলে সেখানে নিয়মিত ভূমিকম্প অনুভূত হয়।
বিশেষজ্ঞদের মতে, কেরমানশাহ, খুজেস্তান এবং হরমোজগানের মতো পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলো তুলনামূলকভাবে বেশি ঝুঁকিপূর্ণ। অধিকাংশ ভূমিকম্পের মাত্রা খুব বেশি না হলেও, অগভীর গভীরতায় উৎপন্ন কম্পন জনবসতিপূর্ণ এলাকায় বেশি অনুভূত হয় এবং উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির আশঙ্কা সৃষ্টি করতে পারে।