প্রবাসীদের ভোটারদের ভোট দেওয়া নিয়ে আজ বৈঠকে বসবে নির্বাচন কমিশন
ছবিঃ সংগৃহীত।
দেশের বাইরে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতে গৃহীত প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বুধবার (২২ জুলাই) বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২১ জুলাই) ইসির ওসিভি-এসডিআই প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মামুনুর হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
অফিস আদেশ অনুযায়ী, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহর সভাপতিত্বে সকাল ১১টায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে ইসির সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
বৈঠকে ‘দেশের বাইরে ভোটদান ব্যবস্থা উন্নয়ন ও বাস্তবায়ন প্রকল্প (ওসিভি-এসডিআই)’-এর চলমান কার্যক্রম, কর্মপরিধি, অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
অফিস আদেশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্ধারিত সময়ে সভায় উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন ওসিভি-এসডিআই প্রকল্প গ্রহণ করে। এ প্রকল্পের আওতায় আইটি-সমর্থিত পোস্টাল ব্যালট ব্যবস্থার মাধ্যমে ভোটদানের জন্য নিবন্ধন করেছিলেন ৭ লাখ ৬৩ হাজার ২৩৩ জন প্রবাসী।
এর মধ্যে ভোট দিয়েছেন ৫ লাখ ৪৪ হাজার ৩৭৮ জন। রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছায় ৪ লাখ ৯৮ হাজার ২০৫টি ব্যালট, যার মধ্যে বৈধ ভোট ছিল ৪ লাখ ৭১ হাজার ৯৭৩টি।
নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, প্রবাসী ভোটব্যবস্থা আরও কার্যকর, সহজ ও অংশগ্রহণমূলক করতে চলমান প্রকল্পের অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।