গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন

গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন

সংগৃহীত ছবি

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না। প্রশাসনকে ব্যবহার করে একটি অবৈধ ও অগণতান্ত্রিক সরকার রাষ্ট্রক্ষমতা ধরে রেখেছিল। তিনি দাবি করেন, ওই সময়ে গুম, খুন, হামলা-মামলা, নির্যাতন ও দুর্নীতির মাধ্যমে দেশের ক্ষতি করা হয়েছে।

বুধবার বিকেলে নরসিংদী সদর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন আরও বলেন, আগের সরকার জনগণের কল্যাণে কাজ করেনি। জনগণ তাদের কর্মকাণ্ডের কারণে প্রত্যাখ্যান করেছে বলে তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার।

এ সময় জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আশরাফুল ইসলাম খান, নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরীসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ২১টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়। পাশাপাশি ১৫০ জন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে ভাতার সুবিধা প্রদান করা হয়।