ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২২টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই সঙ্গে ১৯৬ মিটার অবৈধ ৩/৪ ইঞ্চি গ্যাস পাইপলাইন উচ্ছেদ এবং ৪০০ মিটার অবৈধ পাইপলাইন অকার্যকর করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টা থেকে দিনব্যাপী সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের হিন্দুপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ গ্যাস ব্যবহার করার দায়ে ৬ জনকে ৬০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকার।

এসময় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী শফিকুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নতুন পাইপলাইনে গ্যাস সংযোগ বন্ধ থাকায় একটি অসাধু চক্র জেলা শহরসহ সদর ও সরাইল উপজেলার বিভিন্ন গ্রাম-মহল্লায় অবৈধভাবে বাসাবাড়িতে গ্যাস সংযোগ দিয়ে অর্থ আদায় করে আসছিল। এরই ধারাবাহিকতায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে নিয়মিত অভিযান চালাচ্ছে বাখরাবাদ কর্তৃপক্ষ।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী শফিকুল হক বলেন, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পর কিছুদিনের মধ্যেই আবারও অসাধু চক্র নতুন করে সংযোগ স্থাপনের চেষ্টা করে। এ কারণে পুরোপুরি অবৈধ সংযোগ বন্ধ করা কঠিন হচ্ছে। 

অবৈধ সংযোগ বিচ্ছিন্নে বাখরাবাদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।