ফ্রিজের ১, ২, ৩ নম্বরের আসল মানে কী? ৯৯ শতাংশ মানুষই জানেন না
ফাইল ছবি
রান্নাঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্রগুলোর মধ্যে ফ্রিজ অন্যতম। দুধ, শাকসবজি, ফল, রান্না করা খাবার কিংবা ঠান্ডা পানি সংরক্ষণ, প্রতিদিনের নানা কাজে ফ্রিজের উপরেই ভরসা করেন অধিকাংশ মানুষ। কিন্তু বছরের পর বছর ব্যবহার করলেও ফ্রিজের ভিতরে থাকা ছোট ডায়ালটির আসল কাজ সম্পর্কে অনেকেরই স্পষ্ট ধারণা নেই।
সবচেয়ে বড় ভুল ধারণা হল, ফ্রিজের ডায়ালে থাকা এক, দুই, তিন, চার বা পাঁচ নম্বরকে অনেকেই তাপমাত্রা বা ডিগ্রি সেলসিয়াস বলে মনে করেন। কিন্তু বাস্তবে এই সংখ্যাগুলো সরাসরি তাপমাত্রা বোঝায় না। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হওয়ার পর অনেকেই বিষয়টি নতুন করে জানতে পেরেছেন। বেশিরভাগ ফ্রিজে উপরের দিকে একটি ছোট ডায়াল থাকে, যেখানে সাধারণত এক থেকে পাঁচ বা কিছু মডেলে এক থেকে সাত পর্যন্ত নম্বর লেখা থাকে। অনেকের ধারণা, এক মানে এক ডিগ্রি সেলসিয়াস এবং পাঁচ মানে পাঁচ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু অধিকাংশ ফ্রিজে এই নম্বরগুলো তাপমাত্রা নয়, বরং ঠাণ্ডা করার ক্ষমতা বা তীব্রতা নির্দেশ করে।
অর্থাৎ, নম্বর যত বেশি হবে, ফ্রিজের ঠাণ্ডা করার ক্ষমতাও তত বেশি হবে। উদাহরণ হিসেবে বলা যায়, এক নম্বর মানে কম ঠাণ্ডা এবং পাঁচ মানে সর্বাধিক ঠাণ্ডা, অর্থাৎ ডায়াল পাঁচে রাখলে ফ্রিজ সবচেয়ে বেশি ঠাণ্ডা করবে। অনেকেই ভুল ধারণা থেকে ডায়াল কম নম্বরে রেখে ভাবেন, এতে ফ্রিজ বেশি ঠাণ্ডা হবে। কিন্তু বাস্তবে এর উল্টোটা ঘটে। ঠাণ্ডা কম থাকলে দুধ, রান্না করা খাবার বা অন্যান্য খাদ্যদ্রব্য দ্রুত নষ্ট হতে পারে। পাশাপাশি শাকসবজি দীর্ঘক্ষণ টাটকা থাকে না এবং ফ্রিজের ভিতরে প্রয়োজনীয় তাপমাত্রাও বজায় থাকে না। আবার সব সময় খুব বেশি ঠাণ্ডা করার সেটিং ব্যবহার করলে ফ্রিজের পেছনের দিকে অতিরিক্ত বরফ জমার সমস্যাও দেখা দিতে পারে।
সব ফ্রিজে কি একই নিয়ম প্রযোজ্য? বিশেষজ্ঞদের মতে, বাজারে এমন কিছু ফ্রিজও রয়েছে, যেখানে ডায়াল সরাসরি নির্দিষ্ট তাপমাত্রা অনুযায়ী কাজ করে। তাই সব মডেলের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য নয়। সেই কারণেই নিজের ফ্রিজের ডায়াল কীভাবে কাজ করে, তা ব্যবহারবিধি দেখে বা প্রস্তুতকারকের নির্দেশিকা অনুসারে জেনে নেওয়াই সবচেয়ে ভাল। এটি বোঝার একটি সহজ উপায় রয়েছে। ধীরে ধীরে ডায়াল ঘুরিয়ে ফ্রিজের পিছনে থাকা মোটর বা কম্প্রেসরের শব্দ লক্ষ্য করুন। ডায়াল ঘোরানোর পর যদি কম্প্রেসর চালু হয়, তাহলে বুঝবেন ঠাণ্ডা করার মাত্রা বাড়ছে। আর যদি কম্প্রেসর বন্ধ হয়ে যায়, তাহলে সেটিং তুলনামূলক কম ঠাণ্ডার দিকে যাচ্ছে।
ফ্রিজের সঠিক ঠাণ্ডা করার সেটিং শুধু খাবার দীর্ঘ সময় ভালো রাখতেই সাহায্য করে না, বিদ্যুৎ সাশ্রয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভুল সেটিংয়ের কারণে বিদ্যুতের বিল বেড়ে যেতে পারে, ফ্রিজের উপর অতিরিক্ত চাপ পড়তে পারে এবং খাবার নষ্ট হওয়ার আশঙ্কাও বাড়ে। বিশেষ করে গরমের সময় সঠিক সেটিং বজায় রাখা আরও বেশি জরুরি। বহুদিন ধরে অনেকেরই ধারণা ছিল, ফ্রিজের ডায়ালের নম্বর মানেই তাপমাত্রা। কিন্তু বিভিন্ন আলোচনার পর স্পষ্ট হয়েছে, অধিকাংশ ফ্রিজে এই নম্বরগুলো আসলে ঠাণ্ডা করার মাত্রা বোঝায়। তাই পরের বার ফ্রিজের ডায়াল পরিবর্তন করার আগে শুধু নম্বর নয়, তার প্রকৃত অর্থটিও জেনে নেওয়া উচিত।