পর্দায় নতুন জুটি, আসছে ‘মায়াময়ী’
ফাইল ছবি
মানুষ, প্রকৃতি এবং অন্যান্য প্রাণীর প্রতি মানুষের মমত্ববোধের গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘মায়াময়ী’। সম্প্রতি রাজধানীর বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শেষ হয়েছে নাটকটি রচনা ও পরিচালনা করেছেন শ্রাবণী ফেরদৌস। এতে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন আবিদ প্রান্ত ও ইন্দ্রানী নিশি। নতুন এই জুটিকে ঘিরে নির্মাতার প্রত্যাশাও বেশ।
নাটকটি প্রসঙ্গে শ্রাবণী ফেরদৌস বলেন, ‘গল্পটা মূলত মায়া নিয়ে।
এখানে একদমই নতুন একটা জুটি অভিনয় করেছে প্রান্ত ও নিশি। এটা তাদের প্রথম একসঙ্গে কাজ। দুজনেই ভীষণ মিষ্টি এবং কাজও করেছে দারুণ। আমি সবসময় নতুনদের সঙ্গে কাজ করতে বেশ পছন্দ করি।
শুরুর দিকে তো তারা একদম সাদা পাতার মতো থাকে, সেখানে একেকটা নতুন আঁচড় মানেই নতুন সৃষ্টি। গল্পভিত্তিক কাজে নতুনদের সঙ্গে কাজ করা বেশ চ্যালেঞ্জিং। সেখানে তারা দুজনেই ভালো করেছে। আশা করি গল্পটার কারণেই দর্শক পছন্দ করবে এই জুটিটাকে।’
নির্মাতা জানান, নাটকটির গল্পে মানুষের সঙ্গে প্রকৃতি ও অন্যান্য প্রাণীর আবেগঘন সম্পর্ককে গুরুত্ব দেওয়া হয়েছে।
মানবিক অনুভূতি ও মমত্ববোধের বার্তা তুলে ধরার চেষ্টা করা হয়েছে এতে।
আগামী ৩০ জুলাই (বৃহস্পতিবার) এনটিভিতে প্রচারিত হবে ‘মায়াময়ী’। নাটকটিতে আরও অভিনয় করেছেন আশরাফুল নিশি, লিসা, খায়রুল আলম টিপুসহ আরো অনেকে।