একসাথে ফ্রেম বন্দি হলেন বিপাশা, তৌকীর, টনি ও প্রিয়া

একসাথে ফ্রেম বন্দি হলেন বিপাশা, তৌকীর, টনি ও প্রিয়া

ছবিঃ সংগৃহীত।

যুক্তরাষ্ট্রে বসবাসরত একসময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী তৌকীর আহমেদ, বিপাশা হায়াত, টনি ডায়েস ও প্রিয়া ডায়েসকে দেখা গেল একই আয়োজনে। টনি ও প্রিয়া ডায়েসের দাম্পত্য জীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত রজতজয়ন্তীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই তারকারা।

বর্ণাঢ্য আয়োজনে পরিবার, বন্ধু ও সহকর্মীদের সঙ্গে বিশেষ এই মুহূর্ত উদযাপন করেন টনি ও প্রিয়া। অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন সফল তারকা দম্পতি তৌকীর আহমেদ ও বিপাশা হায়াত।

অনুষ্ঠানে টনি ডায়েস বলেন, “ক্যামেরার সামনে আমরা অসংখ্য গল্প বলেছি। আজ মনে হলো সবচেয়ে সুন্দর গল্পটা ছিল আমাদের ভালোবাসা। বছর পেরিয়েছে, দেশ বদলেছে; কিন্তু একসঙ্গে কাটানো শুটিং, রিহার্সেল, স্টুডিওর হাসি আর স্মৃতিগুলো আজও একদম তরতাজা। আমাদের ২৫তম বিবাহবার্ষিকী শুধু দু’জনের উদযাপন নয়, এটি বহু বছরের সম্পর্ক, বন্ধুত্ব আর অসংখ্য স্মৃতিরও মিলনমেলা।”

তিনি আরও বলেন, “যারা সময় নিয়ে আমাদের অনুষ্ঠানে এসেছেন এবং শুভকামনা জানিয়েছেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। সবার কাছে দোয়া চাই, যেন সারাজীবন একসঙ্গে সুখে-শান্তিতে থাকতে পারি।”

উল্লেখ্য, টনি ডায়েস ও বিপাশা হায়াত একসময় ‘যা আছে অনুভবে’ ও ‘আংশিক আকাশ’-এর মতো জনপ্রিয় নাটকে একসঙ্গে অভিনয় করেছিলেন। রজতজয়ন্তীর এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন তানিয়া আহমেদ, দিনাত জাহান মুন্নী, রুমানা, সাফাওয়াত খান সাফু, তমালিকা কর্মকারসহ অনেকেই।