X ফেক লগ-ইন অ্যালার্ট: এক্স ব্যবহারকারীদের জন্য বড় সতর্কতা!

X ফেক লগ-ইন অ্যালার্ট: এক্স ব্যবহারকারীদের জন্য বড় সতর্কতা!

ফাইল ছবি

আপনি যদি এক্স ব্যবহার করেন, তাহলে নতুন ধরনের একটি স্ক্যাম সম্পর্কে সতর্ক থাকা জরুরি। সাইবার প্রতারকরা বর্তমানে এমন ভুয়া ইমেল পাঠাচ্ছে, যেখানে দাবি করা হচ্ছে যে আপনার এক্স অ্যাকাউন্টে অন্য কেউ লগ ইন করেছে।

এই ইমেল দেখে অনেকেই আতঙ্কিত হয়ে সেখানে থাকা লিংকে ক্লিক করছেন। কিন্তু সেই লিংকে ক্লিক করলেই এক্স-এর আসল ওয়েবসাইটের বদলে একটি ভুয়া ওয়েবসাইটে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে পাসওয়ার্ডসহ অন্যান্য সংবেদনশীল তথ্য চুরি হওয়ার আশঙ্কা রয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, একসঙ্গে বহু ব্যবহারকারীর কাছে এই ধরনের ইমেইল পৌঁছাচ্ছে।

বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রতারকরা এই ভুয়া ইমেইলগুলোতে এক্স-এর আসল ইমেইলের ডিজাইন, ব্র্যান্ডিং, রঙ এবং ফরম্যাট পুরোপুরি নকল করছে। ফলে প্রথম দেখায় আসল-নকল বোঝা অত্যন্ত কঠিন। বিশেষজ্ঞদের মতে, ইমেইলের প্রেরকের ঠিকানা এবং ইমেইলে দেওয়া লিংকে ক্লিক করলে কোন ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, সেটাই ভুয়া ইমেইল চেনার সবচেয়ে বড় উপায়।

মনে রাখবেন, এক্স-এর অফিসিয়াল ইমেইল সবসময় নির্দিষ্ট ডোমেইন থেকে আসে। এছাড়া এক্স-এর আসল ইমেইলে কখনোই রিপ্লাই করে আপনার পাসওয়ার্ড জানতে চাওয়া হয় না। আপনার কাছে যদি এক্স অ্যাকাউন্ট সংক্রান্ত এমন কোনও ইমেইল আসে, তাহলে আতঙ্কিত হবেন না। কোনও অবস্থাতেই ইমেইলে দেওয়া লিংকে ক্লিক করবেন না। প্রথমে ইমেইলটি খুলে প্রেরকের ঠিকানা দেখে নিন। যদি সেটি অফিসিয়াল ডোমেইন থেকে না আসে, তাহলে সেটিকে স্ক্যাম ধরে নিয়ে সঙ্গে সঙ্গে ডিলিট করে দিন।

এরপর ফোনে এক্স অ্যাপ খুলে দেখুন। আপনার অ্যাকাউন্টের নিরাপত্তা নিয়ে কোনও সমস্যা থাকলে এক্স অ্যাপেই তার নোটিফিকেশন বা সতর্কবার্তা দেখতে পাবেন। যদি সেখানে কোনও সতর্কবার্তা না থাকে, তাহলে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। যদি ভুলবশত ইমেইলের লিংকে ক্লিক করে কোনও ভুয়া ওয়েবপেজে গিয়ে নিজের পাসওয়ার্ড লিখে ফেলেন, তাহলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। সবার আগে এক্স অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করুন এবং দ্বি-পদক্ষেপ যাচাইকরণ বা টু-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করুন। এতে আপনার অ্যাকাউন্ট প্রতারকদের হাত থেকে সুরক্ষিত রাখা সম্ভব হবে।