‘আদিপুরুষ’ আমার জীবনের সবচেয়ে বড় ভুল : মনোজ
ছবি: সংগৃহীত
বিশাল বাজেট, বড় তারকাদের সম্মিলন, ‘আদিপুরুষ’ নিয়ে আকাঙ্ক্ষা ছিল চূড়ায়। কিন্তু ২০২৩-এ ছবিটি মুক্তির পর মুখ থুবড়ে পড়ে। দুর্বল চিত্রনাট্য আর অসামঞ্জস্যপূর্ণ নির্মাণের কারণে তীব্র সমালোচনার শিকার হয়। সে সময় নির্মাতা ও চিত্রনাট্যকার ছবির পক্ষে সাফাই গাওয়ার চেষ্টা করেছিলেন বটে। কিন্তু তা ধোপে টেকেনি।
তিন বছর পর এসে চিত্রনাট্যকার মনোজ মুনতাশির স্বীকার করলেন, ‘আদিপুরুষ’ তার জীবনের সবচেয়ে বড় ভুল! এমনকি ছবিটিকে সে সময় সমর্থন করার জন্যও তিনি লজ্জিত বলেও মন্তব্য করেছেন।
টাইমস নাউ-এর পডকাস্টে এসে মনোজ জানান, সিনেমাটির পক্ষে প্রকাশ্যে কথা না বলার পরামর্শ দিয়েছিলেন তার স্ত্রী। কিন্তু তিনি সেটা শোনেননি। আর সে কারণে এখন আফসোস করেন।
মনোজ বলেন, “শুরুতে আমি বিষয়টিকে হালকাভাবে নিয়েছিলাম। বুঝতে আমার দুই দিন সময় লেগেছিল। ‘আদিপুরুষ’ ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল, আর সিনেমাটিকে সমর্থন করা ছিল তার চেয়েও বড় ভুল। সিনেমাটিকে ঘিরে যা কিছু ঘটেছে, সেজন্য আমি খুবই লজ্জিত। যা ঘটেছে, তার জন্য আমি এই দেশের মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করছি।”
তুমুল জনপ্রিয় এই গীতিকার ও চিত্রনাট্যকার আরও স্বীকার করেন, ভগবান রাম ও ভগবান হনুমানের প্রতি যথাযথ সম্মান দেখাতে না পারায় তিনি হতাশ। তার দাবি, ভগবান হনুমানকে নিয়ে তার মন্তব্যসহ বেশ কিছু বক্তব্যের প্রেক্ষাপটের বাইরে গিয়ে ব্যাখ্যা করা হয়েছিল। তবে তিনি বলেন, “এখন যখন পেছনে ফিরে তাকাই, তখন ওই সংলাপগুলো লেখার জন্য আমি লজ্জিত। আমি জানি না, সেগুলো লেখার সময় আমি কী ভাবছিলাম।’
হিন্দু ধর্মের মহাকাব্য ‘রামায়ণ’ অবলম্বনে নির্মিত হয়েছিল ‘আদিপুরুষ’। ওম রাউতের এ ছবির বাজেট ৬০০ কোটি রুপিরও বেশি। অথচ বক্স অফিসে টেনেটুনে ৩৯০ কোটির মতো আয় করেছিল।
ছবিটিতে রাঘব তথা ভগবান রামের চরিত্রে অভিনয় করেছেন প্রভাস। জানকী তথা সীতার চরিত্রে কৃতি শ্যানন, লঙ্কেশ তথা রাবণের চরিত্রে সাইফ আলী খান, লক্ষ্মণের চরিত্রে সানি সিং এবং বজরং তথা হনুমানের চরিত্রে অভিনয় করেছেন দেবদত্ত নাগে।