যশোরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

যশোরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

প্রতিকি ছবি

 

যশোরের অভয়নগর উপজেলার ভৈরব নদ থেকে জোয়ারের পানিতে ভেসে আসা অজ্ঞাতপরিচয় (৩৫-৪০) এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দেয়াপাড়া গ্রামের পূর্বাঞ্চল খেয়াঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুর ১২টার দিকে ভৈরব নদে জোয়ারের পানির সঙ্গে কচুরিপানার মধ্যে ওই যুবকের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। বিষয়টি এলাকায় জানাজানি হলে পুলিশে খবর দেওয়া হয়।

পরে খবর পেয়ে নওয়াপাড়া নৌপুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে নওয়াপাড়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রনজিৎ সেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ভৈরব নদের পূর্বাঞ্চল খেয়াঘাট এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন পানিতে ডুবে থাকায় মরদেহটির চেহারা ও শরীর বিকৃত হয়ে গেছে।

তিনি আরও জানান, নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর হতে পারে।

তার পরিচয় শনাক্তের জন্য পুলিশের পক্ষ থেকে বিভিন্ন মাধ্যমে চেষ্টা চালানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।