জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার :  শ্রমমন্ত্রী

সংগৃহীত ছবি

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সরকার জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

শনিবার নগরীর একটি অভিজাত হোটেলে জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিএইচএমএস (ডিপ্লোমা ইন হোমিওপ্যাথি মেডিসিন অ্যান্ড সার্জারি) কোর্সে উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. আবদুল্লাহ আল মুজাহিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত এ ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানকে ডিপ্লোমা থেকে ব্যাচেলর (ডিগ্রি) পর্যায়ে উন্নীত করতে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে।

হোমিওপ্যাথি চিকিৎসার প্রতি নিজের আস্থার কথা তুলে ধরে আরিফুল হক চৌধুরী বলেন, ১৯৯৯ সালে এক সড়ক দুর্ঘটনার পর থেকে তিনি নিজেও নিয়মিত হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করছেন। তিনি বলেন, পার্শ্বপ্রতিক্রিয়াহীন হওয়ায় এই চিকিৎসা পদ্ধতি বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) সাইদা পারভীন।

এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামসুল ইসলাম, কলেজের উপাধ্যক্ষ ডা. এমদাদুল হক, ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য অধ্যাপক ফরিদ আহমদ, ডা. আসমা বেগমসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।