আশুলিয়ায় পুলিশের সঙ্গে গোলাগুলি, নারীকে জিম্মি করে পালালো ‘শুটার বাপ্পি’
প্রতিকি ছবি
ঢাকার আশুলিয়ায় পুলিশের সঙ্গে শীর্ষ সন্ত্রাসী ‘শুটার বাপ্পি’ ও তার সহযোগীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। অভিযানের একপর্যায়ে এক নারীকে জিম্মি করে পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যায় বাপ্পি। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাটি ঘটেছে আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকার চৌধুরী প্লাজায়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, চৌধুরী প্লাজার একটি ভবনে শুটার বাপ্পি ও তার সহযোগীদের অবস্থানের কথা জানতে পেরে সকাল সাড়ে ১১টার দিকে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাপ্পি ও তার সহযোগীরা গুলি ছোড়ে, পুলিশও তখন পাল্টা গুলি চালায়। এরপর ১২টার দিকে এক নারীকে জিম্মি করে বাপ্পি ওই ভবন থেকে পালিয়ে যায়।
ওসি তারিকুল ইসলাম বলেন, ‘আমরা যদি তখন গুলি করতাম বা তাকে আটকের চেষ্টা করতাম, তাহলে ওই নারীর জীবন ঝুঁকির মুখে পড়ত। শুধু সে কারণেই আর গুলি করা হয়নি।’
বিকালে শুটার বাপ্পির অন্য সহযোগীদের ধরতে ভবনটি অভিযান চালানো হয়। পুলিশ জানায়, শুটার বাপ্পির বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে।