দিনাজপুরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

দিনাজপুরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

সংগৃহীত ছবি

মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে দিনাজপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩ এর উদ্যোগে ‘মাদকবিরোধী সচেতনতা তৈরি’ শীর্ষক টাউন হল সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দিনাজপুর শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি বিভিন্ন দপ্তর এবং ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে র‌্যাব-১৩-এর কোম্পানি কমান্ডার মেজর মো. কাওসার বাধন বলেন, বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, কৃষি এবং শিল্পে  এগিয়ে গেলেও মাদকাসক্তি দেশের অন্যতম বড় সামাজিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, মাদকের অর্থের জোগান দিতে চুরি, ডাকাতি, ছিনতাই, হত্যা ও অন্যান্য অপরাধ সংঘটিত হচ্ছে। তাই ‘বাংলাদেশ আমার অহংকার’ এই প্রত্যয় ধারণ করে র‌্যাব মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জেদান আল মুসা, র‌্যাব-১৩-এর স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল নিশাত, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট নুরুজ্জামান পিভিএম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক রাকিবুজ্জামান, ৪২ বিজিবির অ্যাডজুট্যান্ট আব্দুল্লাহ আল মামুন, দিনাজপুর চেম্বার অব কমার্সের সভাপতি আবু বক্কর সিদ্দিক এবং এনএসআইয়ের যুগ্ম পরিচালক শায়লা শারমীন শম্পাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।