গাইবান্ধায় ২ হাজার ২০০ কেজি জিরা জব্দ, গ্রেপ্তার ২

গাইবান্ধায় ২ হাজার ২০০ কেজি জিরা জব্দ, গ্রেপ্তার ২

প্রতিকি ছবি

গাইবান্ধায় অভিযান চালিয়ে ২ হাজার ২০০ কেজি জিরাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় চোরাচালান চক্রের কথিত মূল হোতা শাহিন আলম পালিয়ে যান।

বৃহস্পতিবার জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বুধবার রাত সাড়ে ১০টার দিকে গাইবান্ধা শহরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে জিরাভর্তি একটি ট্রলি জব্দ করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পশ্চিম বেড়াডাঙ্গা (গণেশপুর) এলাকার রুহুল আমিনের ছেলে শাহজালাল ইসলাম (২৫) এবং বগুড়ার সারিয়াকান্দি উপজেলার আমতলী এলাকার নাজমুল হকের ছেলে নওশাদ হাসান আতিক (৩০)।

ডিবি পুলিশ জানায়, প্রথমে শাহজালাল ইসলামকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পলাশবাড়ী ওভারব্রিজ এলাকার নিচ থেকে নওশাদ হাসান আতিককে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেখানো তথ্যে পলাশবাড়ীর গণেশপুর বাজারের একটি গুদামে তল্লাশি চালিয়ে অবৈধভাবে জিরা প্যাকেটজাত করার কাজে ব্যবহৃত ৩০টি খালি প্লাস্টিকের বস্তা এবং ভারতীয় চিহ্নযুক্ত ১০টি খালি বস্তা জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, জব্দ করা ৮৮টি বস্তায় মোট ২ হাজার ২০০ কেজি জিরা ছিল। এসব জিরার আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ২০ হাজার টাকা।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোত্তালিব বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, শাহিন আলম এই চোরাচালান চক্রের মূল হোতা। তিনি বর্তমানে পলাতক

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।