ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া কৃষি কর্মকর্তা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া কৃষি কর্মকর্তা গ্রেফতার

প্রতিকি ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ভুয়া উপ-সহকারী কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে রাফসান (২২) নামে এক তরুণকে আটক করে উপজেলা কৃষি অফিসে হস্তান্তর করেছে কৃষকরা। বুধবার বিকেলে তাকে উপজেলার গোকর্ণ ইউনিয়নের নূরপুর এলাকা থেকে আটক করা হয়। আটক রাফসান জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।  

নাসিরনগর উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন জানান, আটক তরুণ গত দুই মাস ধরে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে নিজেকে উপসহকারী কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করে আসছিল।

সে অশিক্ষিত ও সহজ সরল কৃষকদের কৃষি যন্ত্রপাতি ও ধানের বীজের কথা বলে টাকা হাতিয়ে নিচ্ছিল। অনেকের কাছ থেকে দেড় হাজার থেকে আড়াই হাজার টাকা নেয় সে। বিষয়টি আমাদের অনেক কৃষক অবগত করে। বুধবার সে নূরপুর এলাকায় গিয়ে প্রতারণা করার সময় কৃষকরা তাকে হাতেনাতে ধরে ফেলে।

পরবর্তীতে তাকে আমাদের কাছে হস্তান্তর করে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলে এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।  

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুল ইসলাম জানান, এ ঘটনায় সহকারী কৃষি কর্মকর্তা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার দুপুরে আমরা তাকে আদালতে প্রেরণ করেছি।