শতবর্ষী নেত্রকোনা পৌরসভায় প্রথম নারী প্রশাসক

শতবর্ষী নেত্রকোনা পৌরসভায় প্রথম নারী প্রশাসক

সংগৃহীত ছবি

নেত্রকোনার শতবর্ষী পৌরসভায় এই প্রথম শীর্ষ পর্যায়ে নারী কর্মকর্তা পেয়েছে। ভারপ্রাপ্ত পৌর প্রশাসক পদে বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকালে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা।

১৮৮৭ খ্রিষ্টাব্দে স্থাপিত হয় নেত্রকোনা পৌরসভা। ধীরে ধীরে এর ক্রমবিকাশ ঘটে। ২১ দশমিক শূন্য দুই আয়তনের পৌরসভাটি ‘ক’ (প্রথম) শ্রেণির হয় ১৯৯৬ খ্রিষ্টাব্দের ১০ অক্টোবর। তবে এটিতে পৌর চেয়ারম্যান, মেয়র ও প্রশাসক পদে পুরুষরাই দায়িত্ব পালন করে গেছেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগের সরকার পতনের পর শূন্য পদে স্থানীয় সরকারের উপপরিচালককে প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়। মো. আরিফুল ইসলাম সরদারের পরবর্তী সময়ে পৌরসভার প্রশাসক পদে দায়িত্ব গ্রহণ করেছেন মুনমুন জাহান লিজা। আর এমন খবরে বিভিন্ন সংগঠনের নেতারা শুভকামনা জানিয়েছেন।

শতবর্ষী এই পৌরসভায় কখনো কোনো নারী চেয়ারম্যান বা মেয়র হননি। তারা মনে করেন, প্রশাসক পদে নারী কর্মকর্তার মাধ্যমে নেত্রকোনা পৌরসভার নানা অনিয়ম দূর হবে। ভবিষ্যতেও নারীরা জনপ্রতিনিধি হিসেবে প্রধান নেতৃত্ব দেবেন।

এদিকে প্রথম দিনে দায়িত্ব নিয়েই পৌরসভার নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করার তাগিদ দেন মুনমুন জাহান লিজা। ঘুরে দেখে অফিস কক্ষগুলোকে পরিচ্ছন্ন করার নির্দেশ দেন। ক্রমান্বয়ে শহরের প্রতিটি পাড়া-মহল্লায় পরিচ্ছন্ন কার্যক্রম জোরালোভাবে শুরু করা হবে বলেও জানান। তিনি বলেন, নিজ আঙিনা থেকেই পরিচ্ছন্ন কার্যক্রম করতে হবে। পাশাপাশি সকল স্থান যেখানে মানুষ ময়লা-আবর্জনা ফেলে, সেগুলোকে সিসিটিভি ক্যামেরায় আনা হবে বলে।