সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নববিবাহিত চিকিৎসকের

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নববিবাহিত চিকিৎসকের

ফাইল ছবি

রাজধানী ঢাকা থেকে মোটরসাইকেলে করে স্ত্রীকে নিয়ে নিজ বাড়ি লক্ষ্মীপুরে যাওয়ার পথে কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনায় শান্ত চন্দ্র শীল (৩২) নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার স্ত্রীও আহত হয়েছেন।

শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার হাড়িখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শান্ত চন্দ্র শীল লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী গ্রামের কৃষ্ণ চন্দ্র শীলের ছেলে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী হাবিবুর রহমান জনী জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি লরি একই দিকে চলা একটি পিকআপ ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলে থাকা স্বামী-স্ত্রী সড়কে ছিটকে পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শান্ত চন্দ্র শীলকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, কৃষ্ণ চন্দ্র শীলের তিন সন্তানের মধ্যে শান্ত ছিলেন একমাত্র ছেলে। কয়েক মাস আগে তার বিয়ে হয়েছিল। ছেলের মৃত্যুর খবর পেয়ে তাঁর বাবা হৃদ্‌রোগে আক্রান্ত হন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।