ফটিকছড়িতে পৈত্রিক সম্পত্তির দ্বন্দ্বে প্রাণ গেল বৃদ্ধের

ফটিকছড়িতে পৈত্রিক সম্পত্তির দ্বন্দ্বে প্রাণ গেল বৃদ্ধের

প্রতিকি ছবি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মো. রফিক (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার বোন রোজি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে উপজেলার নারায়ণহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঈদিলপুর মিয়াজি পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রফিক ওই এলাকার মৃত আলী হোসেনের ছেলে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় নিহতের দ্বিতীয় স্ত্রীর ছেলে মো. কাসেম বাদী হয়ে ভূজপুর থানায় হত্যা মামলা করেছেন।

মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা যায়, মো. রফিকের দুটি সংসার রয়েছে। দ্বিতীয় স্ত্রীর সন্তানরা উপজেলার লেলাং ইউনিয়নের চারালিয়া হাট এলাকায় বসবাস করেন। বৃহস্পতিবার রাতে তাঁর সৎভাই হাসান মো. কাসেমকে ফোন করে জানান, তার বাবা অসুস্থ হয়ে পড়েছেন। ঘটনাস্থলে গিয়ে কাসেম তাঁর বাবার রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

মো. কাসেমের অভিযোগ, পৈত্রিক সম্পত্তি নিয়ে তার ফুফু রোজি আক্তার ও সৎভাই হাসানদের সঙ্গে বাবার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার রাতে এ বিরোধকে কেন্দ্র করে বাক্‌বিতণ্ডার একপর্যায়ে তাঁর বাবাকে মারধর করে হত্যা করা হয়। পরে ঘটনাটি স্বাভাবিক মৃত্যু বা স্ট্রোক হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয় বলেও তিনি অভিযোগ করেন।

তবে এসব অভিযোগের বিষয়ে গ্রেপ্তার রোজি আক্তার বা অন্য অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ভূজপুর থানা-পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।