আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭, আহত ৩৯
ছবিঃ সংগৃহীত।
আলজেরিয়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৯ জন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (৩১ জুলাই) দেশটির স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সিদ্দিক আইত মেসাউদেন দুর্ঘটনায় হতাহতের এ তথ্য জানান।
তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়, রাজধানী আলজিয়ার্সের পূর্বে উপকূলীয় শহর বুমেরদেসের কাছে বাসটি সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়।
স্থানীয় সময় সকাল প্রায় ৯টা ৪০ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে বেসামরিক প্রতিরক্ষা বিভাগের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে আলজেরিয়ায় এটি সবচেয়ে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনাগুলোর একটি। দুর্ঘটনাস্থলের ছবি প্রকাশ করেছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ, যেখানে বাসটিকে খাদে কাত হয়ে পড়ে থাকতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শী রিয়াদ ফেরকিউই জানান, সড়কের একটি বিপজ্জনক বাঁক দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে।
আরেক প্রত্যক্ষদর্শী বিলাল বেনসালেম জানান, উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই তিনি আহতদের উদ্ধারে এগিয়ে যান। খাদ থেকে কয়েকজনকে জীবিত অবস্থায় তুলে আনেন তিনি।
এএফপিকে তিনি বলেন, “আমি কয়েকজনকে মৃত এবং অন্যদের জীবিত অবস্থায় দেখতে পাই। কয়েকজনের হাত বিচ্ছিন্ন ছিল। আরও অনেকের গুরুতর আঘাত ছিল।”
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।