মস্কোয় ক্যাফের কাছে বিস্ফোরণ, নিহত ৩

মস্কোয় ক্যাফের কাছে বিস্ফোরণ, নিহত ৩

সংগৃহীত ছবি

রাশিয়ার রাজধানী মস্কোর একটি ইতালীয় রেস্তোরাঁর কাছে বিস্ফোরণে অন্তত ৩ জন নিহত ও ২১ জন আহত হয়েছেন। রুশ রাষ্ট্রীয় গণমাধ্যম নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

শনিবার (১ আগস্ট) স্থানীয় সময় রাত ৮টার দিকে শহরের স্তালিন আমলের বিখ্যাত ৭টি আকাশচুম্বী ভবনের একটির নিচতলায় কুদ্রিনস্কায়া স্কোয়ারে অবস্থিত একটি সামার টেরেসের কাছে এ বিস্ফোরণ ঘটে। বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

রাশিয়ার ন্যাশনাল অ্যান্টি-টেররিস্ট কমিটি (এনএকেএ) জানিয়েছে, বিস্ফোরক বহনকারী এক নারী রেস্তোরাঁয় প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তারক্ষী তাকে বাধা দেন। এসময় তার সঙ্গে থাকা বিস্ফোরকটির বিস্ফোরণ ঘটে।

এতে ওই নারী, নিরাপত্তারক্ষী এবং রেস্তোরাঁর এক অতিথি নিহত হন।

রেস্তোরাঁটিতে ওই সময় একটি ব্যক্তিগত অনুষ্ঠান চলছিল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের পর রক্তাক্ত অবস্থায় বহু মানুষকে ঘটনাস্থল থেকে বের করে আনা হয়। আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার কারণ ও বিস্ফোরণের পেছনের উদ্দেশ্য জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।