স্কুল ফিডিং কর্মসূচির গাড়ির ধাক্কায় প্রথম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
সংগৃহীত ছবি
মেহেরপুর জেলার গাংনী উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচির খাদ্যসামগ্রী বহনকারী একটি শ্যালো ইঞ্জিনচালিত গাড়ির চাপায় আমির হামজা (৬) নামের প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রবিবার (২ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ দুর্ঘটনা ঘটে।
আমির হামজা উপজেলার রামনগর গ্রামের বাজারপাড়া এলাকার আব্দুল হাকিমের ছেলে। সে রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল ফিডিং কর্মসূচির খাদ্যসামগ্রী বহনকারী গাড়িটি বিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশের সময় আমির হামজা দৌড়ে গাড়ির দিকে যায়। এসময় সে গাড়ির চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বামন্দীর একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমানুল্লাহ বলেন, স্কুল ফিডিংয়ের গাড়ি এলে শিক্ষার্থীরা প্রায়ই উৎসাহ নিয়ে গাড়ির দিকে ছুটে যায়।
রবিবারও গাড়িটি বিদ্যালয়ের গেট দিয়ে পেছনের দিকে প্রবেশ করছিল। এসময় কয়েকজন শিক্ষার্থী দৌড়ে গেলে আমির হামজা গেটের গ্রিলের সঙ্গে ধাক্কা খেয়ে গাড়ির চাকার নিচে পড়ে যায়।
স্থানীয়রা জানান, শিশুটি হঠাৎ দৌড়ে আসায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর সরকারের স্কুল ফিডিং কর্মসূচির প্রকল্প পরিচালক (পিডি) আবুল আমিন মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা শিক্ষা কর্মকর্তাকে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত প্রতিবেদন পাঠানোর নির্দেশ দিয়েছেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, শিশুটির মৃত্যুর ঘটনায় সবাই মর্মাহত।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।