মহাকাশযানের জানালা দিয়ে চোখ জুড়ানো দৃশ্য দেখালেন নভোচারী

মহাকাশযানের জানালা দিয়ে চোখ জুড়ানো দৃশ্য দেখালেন নভোচারী

সংগৃহীত ছবি

মাধ্যাকর্ষণ শক্তি নেই, শরীর ভাসছে শূন্যে। আর ঠিক সেই অবস্থাতেই ক্রমাগত সিট-আপ করছেন এক নভোচারী! ব্যায়ামের ফাঁকে জানালা দিয়ে উপভোগ করছেন বাইরের এক অদ্ভুত সুন্দর দৃশ্য। সম্প্রতি মহাকাশে শরীরচর্চার এমনই এক অসাধারণ মুহূর্তের ভিডিও শেয়ার করে নেটিজেনদের চমকে দিয়েছেন নভোচারী জেসিকা মেয়ার।

ভিডিওতে দেখা যায়, মাইক্রোগ্র্যাভিটি বা প্রায় শূন্য মাধ্যাকর্ষণে ভাসতে ভাসতে সিট-আপ করছেন জেসিকা। প্রতিটি সিট-আপ শেষ করার সঙ্গে সঙ্গে তিনি জোরে জোরে সংখ্যা গুনছেন। ক্লিপটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘নজরকাড়া দৃশ্যসহ সিট-আপ’।

এই ব্যায়ামটি কেন এত বিশেষ, তার ব্যাখ্যাও দিয়েছেন জেসিকা মেয়ার। তিনি জানান, শরীরচর্চার শেষে নভোচারীরা মহাকাশযানের জানালা দিয়ে যে দৃশ্য দেখতে পান, সেটিই এর সবচেয়ে বড় আকর্ষণ। এই অভাবনীয় দৃশ্যটি দারুণ অনুপ্রেরণা জোগায় উল্লেখ করে বাইরের দিকে ইশারা করে তিনি বলেন, ‘এটাই আপনাদের দেখার মতো দৃশ্য।’

মহাকাশযানের ভেতরের সাধারণ জীবনযাপন ও নভোচারীদের প্রাত্যহিক কাজের এই ঝলক দেখে মুগ্ধ ইন্টারনেট দুনিয়া। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি প্রকাশের পরই মন্তব্যের বন্যা বয়ে যায়। বিস্ময় প্রকাশ করে একজন ব্যবহারকারী লিখেছেন, ‘অসাধারণ দৃশ্য!’ আরেকজন আক্ষেপের সুরে মন্তব্য করেন, ‘ইশ! আমি যদি কোনোদিন ওখানে যেতে পারতাম।’ তৃতীয় একজনের ছোট মন্তব্য ছিল— ‘মন্ত্রমুগ্ধকর’।