জুলাই স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে জাবিতে ‘আপরাইজিং রান’
সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও চেতনাকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘জুলাই আপরাইজিং রান’ শীর্ষক মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। ‘জুলাই মোদের ধমনিতে, টগবগ করবে আমৃত্যু’ অঙ্গীকার এবং ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাবি শাখা।
সোমবার (৩ আগস্ট) সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে ম্যারাথনের উদ্বোধন করা হয়। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম আনুষ্ঠানিকভাবে এ প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন।
ক্যাম্পাসের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় প্রায় দেড় হাজার রানার অংশ নেন।
নির্ধারিত রুট অনুযায়ী ম্যারাথনটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে জীববিজ্ঞান অনুষদ, মীর মশাররফ হোসেন (এমএমএইচ) হল, ক্যাফেটেরিয়া, ছাত্রী হলসমূহ এবং চৌরঙ্গী প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। আয়োজকদের পক্ষ থেকে প্রত্যেক নিবন্ধিত অংশগ্রহণকারীকে ইভেন্ট টি-শার্ট, রানিং কিট, জাতীয় পতাকা এবং ম্যারাথন শেষে সকালের নাশতা দেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নেতৃবৃন্দ, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মী এবং বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে নুরুল ইসলাম সাদ্দাম বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, “আমরা জুলাই ধারণ করতে ব্যর্থ হয়েছি। এখানে দেশের কাঠামোগত একটি পরিবর্তন আমরা চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো—বিচার বিভাগ, প্রশাসন ও প্রতিরক্ষা বাহিনী স্বাধীনভাবে কাজ করবে। বাংলাদেশের দুর্নীতি বন্ধ হবে এবং স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে। কিন্তু জুলাইয়ের পরে আমরা দেখেছি শুধু ক্ষমতার হাতবদল হয়েছে, কার্যত কোনো সংস্কার বা পরিবর্তন হয়নি।”
সরকারকে সতর্ক করে তিনি আরো বলেন, “যে কথাগুলো বলে বর্তমান ক্ষমতাসীন সরকার ক্ষমতায় আসীন হয়েছিল, তারা নিজেদের সাথেই আবার প্রতারণা করছে। আমরা চাই, যে রক্তের ওপরে দাঁড়িয়ে এবং যে ত্যাগের বিনিময়ে এই সরকার গঠিত হয়েছে, তারা সেই ত্যাগের মূল্যায়ন করবে। অন্যথায়, এই তরুণ সমাজ তাদের বিরুদ্ধে আবার দাঁড়িয়ে যাবে। আমরা বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে চাই।”
আয়োজনের উদ্দেশ্য তুলে ধরে জাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বলেন, “শত শত শহীদ এবং আমাদের ত্যাগের বিনিময়ে অর্জিত জুলাই ও আগস্ট মাসকে স্মরণীয় করে রাখতে এবং যুগে যুগে যারা ফ্যাসিস্ট হতে চায়, তাদেরকে একটি বার্তা দেওয়ার জন্যই মূলত আমাদের এই আয়োজন। ছাত্রশিবির যেভাবে শহীদ পরিবার ও জুলাইয়ের চেতনাকে ধারণ করে, আমরাও সেই চেতনা বুকে ধারণ করে আগামীর বাংলাদেশ পুনর্নির্মাণ করব। ম্যারাথন, মিছিল বা সমাবেশের মধ্য দিয়ে আমরা জুলাইয়ের এই আকাঙ্ক্ষা আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেব।”