গাজীপুরে তা`মীরুল মিল্লাত মাদ্রাসার ৩২ শিক্ষার্থী বহিষ্কার

গাজীপুরে তা`মীরুল মিল্লাত মাদ্রাসার ৩২ শিক্ষার্থী বহিষ্কার

ফাইল ছবি

পরীক্ষার স্বচ্ছতা ও শিক্ষার পরিবেশ অক্ষুণ্ন রাখতে কঠোর অবস্থান নিয়েছে গাজীপুরের টঙ্গীর তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা কর্তৃপক্ষ। পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন এবং উত্তরপত্রে টেম্পারিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় বিভিন্ন শ্রেণির ৩২ জন শিক্ষার্থীকে প্রতিষ্ঠান থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

রোববার (২ আগস্ট) মাদ্রাসাটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিশেষ নোটিশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রকাশিত নোটিশে অধ্যক্ষ ড. মো. হেফজুর রহমান এবং পরীক্ষা বিষয়ক দায়িত্বপ্রাপ্ত সহকারী অধ্যাপক মো. সালমান স্বাক্ষর করেন। সেখানে উল্লেখ করা হয়, শিশু শ্রেণি থেকে নবম শ্রেণির অর্ধ-বার্ষিক পরীক্ষা, দশম শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষা এবং আলিম বর্ষ সমাপনী পরীক্ষায় অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে অসাধু উপায় অবলম্বন ও খাতা টেম্পারিংয়ের অভিযোগের সত্যতা পাওয়া যায়। বিষয়টি যাচাই-বাছাই শেষে অভিযুক্ত ৩২ জন শিক্ষার্থীর বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নোটিশে আরও বলা হয়েছে, পরীক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা, শৃঙ্খলা এবং প্রতিষ্ঠানের সুনাম বজায় রাখার স্বার্থে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। একই সঙ্গে বহিষ্কৃত শিক্ষার্থীদের নামের তালিকাও নোটিশের সঙ্গে প্রকাশ করা হয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মো. হেফজুর রহমান ৩২ জন শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কারের তথ্য নিশ্চিত করেন।