বেরোবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন
ফাইল ছবি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রদল-শিবিরের সংঘর্ষের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে, রংপুর মহানগর ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জড়ো হতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা।
মঙ্গলবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩ আগস্ট বিশ্ববিদ্যালয়ে সংঘটিত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণ ও সার্বিক বিষয় খতিয়ে দেখতে এ কমিটি গঠন করা হয়েছে।
কমিটির আহ্বায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক এবং পরিবহন পুলের পরিচালক মাসুদ রানাকে। সদস্য হিসেবে রয়েছেন বিজয়-২৪ হলের প্রভোস্ট মো. আমির শরীফ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. তানজিউল ইসলাম এবং রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক হারুন আল-রশিদ। সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আব্দুল্লাহ আল মাহবুব।
এদিকে, রংপুর মহানগর ছাত্রদলের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেল থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জড়ো হতে শুরু করে দলটির নেতাকর্মীরা।