ফ্যাসিস্টদের সঙ্গে কখনই আপোস নয়: আব্দুস সালাম

ফ্যাসিস্টদের সঙ্গে কখনই আপোস নয়: আব্দুস সালাম

সংগৃহীত ছবি

 

বিগত ১৭ বছর আন্দোলন সংগ্রামে বিএনপি কখনই ফ্যাসিস্টদের সঙ্গে আপোস করে নাই বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। তিনি বলেন, আগামী দিনেও ফ্যাসিস্ট ও ধর্মীয় বিশ্বাসঘাতকদের সঙ্গে বিএনপি কোনো আপোস করবে না।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লার নতুন কোর্ট এলাকায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আব্দুস সালাম আজাদ বলেন, জুলাই বিপ্লবের সবক্ষেত্রে বেগম খালেদা জিয়াকে স্বীকৃতি দিতে হবে। কারণ তার নেতৃত্বে ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্টদের পতন হয়েছে। বিগত দিনে বিএনপির ৬০ লাখ নেতাকর্মী মিথ্যা মামলার আসামি হয়েছে। এছাড়াও দলের সাত হাজার নেতাকর্মী হত্যা-গুমের শিকার হয়েছে। নারায়ণগঞ্জে শাওনকে গুলি করে হত্যা করা হয়েছে।

জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজাহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবসহ আরও অনেকে।

নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের কথা বলে ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের ইতিহাসকে নিঃশেষ করা যাবেনা। সকল ভেদাভেদ ভুলে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজাহারুল ইসলাম মান্নান বলেন, ১৬ বছর যেসব বিএনপি নেতাকর্মী জেল জুলুমের শিকার হয়েছে তাদের মূল্যায়ণ করা হয়নি। আজ ৫ আগস্টের পরে যারা সক্রিয় তাদের টাকার বিনিময়ে মূল্যায়ণ করা হচ্ছে। আজকে তৃণমূলকে মূল্যায়ণ না করার কারণেই শিবিরের কাছে ছাত্রদল মার খাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।