বাগেরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত

বাগেরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত

ফাইল ছবি

বাগেরহাট-খুলনা মহাসড়কে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শেখ শাহারিয়ার সৈকত (৩৮) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের শ্রীঘাট ফুলবাড়িয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শেখ শাহারিয়ার সৈকত বাগেরহাট সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র কর্মকর্তা শেখ মামুনুর রশিদ জানান, বিকেলে বাগেরহাট থেকে খুলনাগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল চালক সৈকত সড়কে ছিটকে পড়ে মাথা, মুখ ও বুকে গুরুতর আঘাত পান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন জানান, দুর্ঘটনার পর কিছু সময় বাগেরহাট-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করা হয়।

দুর্ঘটনার পর ট্রাকচালক গাড়িটি ঘটনাস্থলে রেখে পালিয়ে যান। তাঁকে শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।