হবিগঞ্জে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
প্রতিকি ছবি
হবিগঞ্জ শহরতলীর উমেদনগর এলাকায় বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলমগীর মিয়া (৩৫) নামে এক চোর মারা গেছে। শুক্রবার ভোরে এই ঘটনাটি ঘটে। মৃত আলমগীর উমেদনগর পুরানহাটি এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানায়, আলমগীর মিয়া এলাকার একজন চিহ্নিত চোর।
বৃহস্পতিবার গভীর রাতে উমেদনগর এলাকায় সে বৈদ্যুতিক তার চুরি করতে যায়। এ সময় অসাবধানতায় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যায়। এতে তার সারা শরীর ঝলসে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।
তবে ততক্ষণে সে মারা যায়। আমলগীরের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার এসআই ধ্রুবেশ চক্রবর্তী বলেন, তার বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ রয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।