শুক্রবার একসঙ্গে নামাজ আদায় করলেন যুবরাজ, এরদোয়ান ও শাহবাজ
ছবিঃ সংগৃহীত।
মক্কার কাসর আল-সাফায় একসঙ্গে জুমার নামাজ আদায় করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, দেশটির ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির, সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।
শুক্রবার (৭ আগস্ট) গ্র্যান্ড মসজিদের কাছে অবস্থিত রাজপ্রাসাদ কাসর আল-সাফায় তারা একত্রে নামাজ আদায় করেন।
এসময় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারসহ সৌদি ও তুরস্কের জ্যেষ্ঠ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে বর্তমানে সৌদি আরব সফরে রয়েছেন শাহবাজ শরিফ। সফরে দুই দেশের নেতৃত্বের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, অর্থনৈতিক অংশীদারত্ব বাড়ানো এবং আঞ্চলিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।
এর আগে মক্কা প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে অংশীদারত্ব আরও জোরদার করেছে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক।
প্রস্তাবিত চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। এতে অঞ্চলটির নিরাপত্তা কাঠামোয় পরিবর্তনের ইঙ্গিত রয়েছে।
সূত্র:দ্য নেশন