‘বাংলা কিউআর’ নিয়ে আলেমদের সঙ্গে ইসলামী ব্যাংকের মতবিনিময়
ছবিঃ সংগৃহীত।
ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে ধর্মীয় প্রতিষ্ঠানে বাংলা কিউআরের ব্যবহার বাড়ানোর লক্ষ্যে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।
শনিবার (৮ আগস্ট) রাজধানীর এক হোটেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী।
বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের দায়িত্বে নিয়োজিত বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন।
ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (ভারপ্রাপ্ত) মো. আলতাফ হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- ব্যাংকের শরি’আহ সুপাভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতি শামছুদ্দীন জিয়া, বাংলাদেশ ব্যাংকের শরি’আহ সুপাভাইজরি বোর্ডের সদস্য শাহ মোহাম্মদ ওয়ালীউল্লাহ এবং বাংলাদেশ ব্যাংকের ইসলামি ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ জাকির হোসেন।
বাংলা কিউআর নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার। স্বাগত বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম। এসময় ব্যাংকের সুপাভাইজরি কমিটির সদস্য ও ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী বলেন, প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে আর্থিক লেনদেনেও পরিবর্তন এসেছে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে এ পরিবর্তনের সঙ্গে সম্পৃক্ত করা সময়ের দাবি। বাংলা কিউআরের মতো সহজ ও আধুনিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ব্যবহার করে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আরও স্বচ্ছ, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে আর্থিক লেনদেন পরিচালনা করতে পারে। তিনি ক্যাশলেস বাংলাদেশ গড়ে তোলা এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে আধুনিক, নিরাপদ ও সহজ ডিজিটাল লেনদেন ব্যবস্থা সম্প্রসারণে আলেম-উলামা ও ধর্মীয় নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে মোহাম্মদ জহির হোসেন বলেন, বাংলাদেশ ধারাবহিকভাবে ডিজিটাল ট্রান্সফরমেশনের দিকে এগিয়ে যাচ্ছে। দেশের আর্থিক ব্যবস্থাকে আরও আধুনিক, সহজ ও অন্তর্ভুক্তিমূলক করতে ডিজিটাল লেনদেনের প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে বাংলা কিউআরের আওতায় আনা গেলে বৃহৎ জনগোষ্ঠীকে ডিজিটাল লেনদেনে সম্পৃক্ত করার সুযোগ সৃষ্টি হবে।
সভাপতির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আলতাফ হোসাইন বলেন, অনেক চ্যালেঞ্জের মধ্যেও ইসলামী ব্যাংক গ্রাহকদের আস্থা ও সহযোগিতায় এগিয়ে চলছে। গ্রাহকদের জন্য সহজ, নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে এ ব্যাংক কাজ করছে।