বাঁশখালীকে বন্যামুক্ত করতে নির্মাণ হবে টেকসই বেড়িবাঁধ: ত্রাণমন্ত্রী

বাঁশখালীকে বন্যামুক্ত করতে নির্মাণ হবে টেকসই বেড়িবাঁধ: ত্রাণমন্ত্রী

ছবিঃ সংগৃহীত।

চট্টগ্রামের বাঁশখালীকে প্রতিবছরের বন্যার কবল থেকে মুক্ত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

শনিবার (৮ আগস্ট) বাঁশখালী উপজেলার সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাঁশখালীর বিভিন্ন খাল দীর্ঘদিন ধরে দখল ও দূষণের কারণে অস্তিত্ব সংকটে পড়েছে। ফলে স্বাভাবিক বৃষ্টিতেই খালের পানি উপচে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে খালগুলো খনন ও পুনঃখননের মাধ্যমে পানিপ্রবাহ স্বাভাবিক করা হবে, যাতে বৃষ্টির পানি দ্রুত নেমে যেতে পারে।

পাহাড়ি ঢল থেকে বসতবাড়ি রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি। দুলু বলেন, প্রতিবছর বাঁশখালীবাসীকে যাতে বন্যার সঙ্গে লড়াই করতে না হয়, সে জন্য সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল রোববার (৯ আগস্ট) চট্টগ্রামে আসছেন। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ঘর নির্মাণ, ত্রাণ বিতরণসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে তিনি অংশ নেবেন বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শনিবার বাঁশখালীতে আসেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। তিনি উপজেলার বাহারছড়া এলাকায় প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন করেন।

এ সময় স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ জহিরুল ইসলাম, বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাসহ স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।