মেসির বাবার মৃত্যুতে যে পদক্ষেপ নিচ্ছে শোকাহত আর্জেন্টিনা
ছবি: প্রতীকী
দীর্ঘদিন অসুস্থতায় ভুগে না ফেরার দেশে চলে গেলেন লিওনেল মেসির বাবা হোর্হে মেসি। আজ শনিবার রোজারিওর একটি ক্লিনিকে ৬৮ বছর বয়সে তিনি মারা গেলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
হোর্হের মৃত্যুতে এক বিবৃতি দিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। তারা বলেছে, ‘আমাদের অধিনায়ক ও প্রতীক লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুতে আমরা গভীর দুঃখ ও শোক প্রকাশ করছি।’
তারা আরও যোগ করেছে, ‘এই সীমাহীন দুঃখের মুহূর্তে সভাপতি ক্লাউদিও তাপিয়া, নির্বাহী কমিটির সদস্যরা ও পুুরো আর্জেন্টাইন ফুটবল পরিবার লিওনেল, তার ভাইবোন, পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করছে। এই কঠিন সময়ে আমরা তার পুরো পরিবারের পাশে আছি এবং আন্তরিক, উষ্ণ ও স্নেহপূর্ণ আলিঙ্গন পাঠাচ্ছি।’
বিবৃতি দিয়েই শোক পালন শেষ করেনি দেশটির ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। বেশ কিছু উদ্যোগ নিয়েছে তারা। হোর্হের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নিয়েছে যে, আর্জেন্টিনার ফুটবলের সকল বিভাগে আয়োজিত ম্যাচগুলো শুরুর আগে এক মিনিটের নীরবতা পালন করা হবে। পাশাপাশি সকল রেফারি, খেলোয়াড় ও টেকনিক্যাল দলের সদস্যরা কালো আর্মব্যান্ড পরবেন।
এছাড়াও শোকের চিহ্ন হিসেবে আগামী শুক্রবার ১৪ আগস্ট পর্যন্ত এএফএ-র কার্যালয় ও ফ্যাসিলিটিজের পতাকা অর্ধনমিত থাকবে।