যারা অপরাধ করেছে, তারা পালিয়ে চলে গেছে: এমপি শহিদুল ইসলাম
সংগৃহীত ছবি
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, ‘হাজার হাজার লোককে গুলি করে, গুম করে বিগত সরকার ১৭ বছর ক্ষমতায় ছিল। এ সময়ে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করা হয়েছে।’
শনিবার (৮ আগস্ট) বিকালে ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ডে ভাঙ্গা উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আয়োজিত সভায় তিনি একথা বলেন। ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা।
প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দিতে গিয়ে এমপি শহিদুল ইসলাম বাবুল আরো বলেন, ‘আওয়ামী লীগের বন্ধুরা অনেকেই আমাকে ভোট দিয়েছেন। তাদেরকে আমি সালাম জানাই। ওই দলের সমর্থক যারা অপরাধ করেছে, তারা পালিয়ে চলে গেছে। যারা অপরাধ করেননি তারা এখনো এলাকায় আছেন। তাদেরকে কেউ অসম্মান করবে না।’
তিনি বিরোধীদল জামায়াতে ইসলামের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা একটু আলোতে এসেই জান্নাত-জাহান্নাম দেওয়া শুরু করলেন। গত নির্বাচনে মনে করেছিলেন, আপনার ক্ষমতায় আসবেন। কিন্তু, এদেশের মানুষ আপনাদের ক্ষমতায় আনেনি। আপনাদের ভেতরের ও বাইরের চেহারা দুই রকম। এখন আপনাদের আসল চেহারা বের হচ্ছে।’
তিনি এনসিপির উদ্দেশ্যে বলেন, ‘কথায় কথায় আপনারা গণঅভ্যুত্থানের ভয় দেখান; বিএনপিকে গণঅভ্যুত্থানের ভয় দেখানো যাবে না। গণঅভ্যুত্থান এত সহজ নয়। বিএনপির ভদ্রতাকে দুর্বলতা মনে করলে আপনারা বোকার স্বর্গে আছেন।’