নখের পরিবর্তনেই মিলতে পারে অসুস্থতার ইঙ্গিত, যা বলছেন চিকিৎসকরা

নখের পরিবর্তনেই মিলতে পারে অসুস্থতার ইঙ্গিত, যা বলছেন চিকিৎসকরা

প্রতীকী ছবি

শরীরের বিভিন্ন পরিবর্তনের মতো নখের রং, আকৃতি ও গঠনেও স্বাস্থ্যের নানা ইঙ্গিত পাওয়া যেতে পারে। চিকিৎসকদের মতে, নখে কোনো পরিবর্তন দেখা দিলেই সেটিকে রোগের লক্ষণ হিসেবে ধরে নেওয়া ঠিক নয়। তবে পরিবর্তন দীর্ঘস্থায়ী হলে বা অস্বাভাবিকভাবে দেখা দিলে কারণ খুঁজে দেখা জরুরি।

নখ হলুদ হয়ে যাওয়ার অন্যতম সাধারণ কারণ ছত্রাকের সংক্রমণ ও ধূমপান। তবে কিছু ক্ষেত্রে কিডনি বা লিভারের সমস্যার সঙ্গেও নখের হলুদাভ রঙের সম্পর্ক থাকতে পারে। এ ছাড়া শ্বাসতন্ত্রের কিছু রোগ এবং আর্থ্রাইটিসের কারণেও নখের রঙে পরিবর্তন দেখা দিতে পারে। তাই নখ হলুদ হলেই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই, তবে সমস্যা দীর্ঘদিন থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।

অন্যদিকে, নখ অস্বাভাবিকভাবে ফ্যাকাশে হয়ে গেলে তা রক্তস্বল্পতার ইঙ্গিত হতে পারে। পুরো নখ সাদা হয়ে যাওয়ার কিছু ক্ষেত্রে ডায়াবেটিস বা লিভারের রোগের সঙ্গে সম্পর্ক পাওয়া যায়। নখে ছোট ছোট সাদা দাগ দেখা গেলেও সবসময় তা কোনো রোগের লক্ষণ নয়। অ্যালার্জি, কিছু ওষুধের প্রভাব কিংবা ছত্রাকের সংক্রমণেও এমন দাগ হতে পারে। আবার আঘাতের কারণে নখে তৈরি হওয়া সাদা দাগ সাধারণত সময়ের সঙ্গে নিজে থেকেই সেরে যায়।

নখ নীল বা লালচে হলে কী বোঝায়?

কখনো নখ নীলচে কিংবা লালচে রঙ ধারণ করতে পারে। নখের গোড়ার অর্ধচন্দ্রাকৃতির অংশে লালচে পরিবর্তন দেখা গেলে কিছু ক্ষেত্রে অটোইমিউন রোগ, আর্থ্রাইটিস বা হৃদ্‌রোগের সঙ্গে এর সম্পর্ক থাকতে পারে।

অন্যদিকে, নখের বড় একটি অংশ নীলচে হয়ে গেলে রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়। এর পেছনে ফুসফুস বা হৃদ্‌যন্ত্রের কোনো সমস্যা থাকতে পারে। তাই এ ধরনের পরিবর্তন হঠাৎ দেখা দিলে বিষয়টি অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

সবুজ বা কালো নখও হতে পারে সতর্কবার্তা

বিশেষজ্ঞদের মতে, নখের রং সবুজ বা কালচে হয়ে যাওয়ার পেছনে সংক্রমণসহ বিভিন্ন কারণ থাকতে পারে। তবে নখে শক্ত বাদামি বা কালো দাগ কিংবা রেখা দেখা দিলে সতর্ক হওয়া প্রয়োজন। বিশেষ করে দাগটি যদি নতুনভাবে তৈরি হয় বা সময়ের সঙ্গে তার রং, আকার কিংবা আকৃতিতে পরিবর্তন আসে, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। বিরল ক্ষেত্রে এ ধরনের পরিবর্তন মেলানোমার মতো গুরুতর সমস্যার সঙ্গেও সম্পর্কিত হতে পারে।

নখ ভেঙে যাওয়াও কি কোনো সংকেত?

নখ সহজেই ভেঙে যাওয়া অনেকের ক্ষেত্রেই সাধারণ সমস্যা। তবে কখনো কখনো এর পেছনে শরীরে প্রয়োজনীয় পুষ্টি উপাদানের ঘাটতিও থাকতে পারে। বিশেষজ্ঞদের মতে, বি-ভিটামিন, আয়রন, জিংক ও প্রোটিনের ঘাটতির সঙ্গে ভঙ্গুর নখের সম্পর্ক থাকতে পারে।

এ ছাড়া থাইরয়েডের সমস্যাও নখের গঠন ও দৃঢ়তাকে প্রভাবিত করতে পারে। কিছু ক্ষেত্রে হাইপারথাইরয়েডিজমের সঙ্গে নখ ভঙ্গুর হয়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। আবার হাইপোথাইরয়েডিজমের কারণে নখ পাতলা হয়ে যেতে পারে।

নখের পরিবর্তন মানেই রোগ নয়

নখ শরীরের বিভিন্ন পরিবর্তনের কিছু সংকেত দিতে পারে—এ কথা সত্যি। তবে নখের রং, আকৃতি বা গঠনে পরিবর্তন দেখা দিলেই কোনো নির্দিষ্ট রোগ হয়েছে, এমনটা ধরে নেওয়া ঠিক নয়। আঘাত, সংক্রমণ, পুষ্টির ঘাটতি, ওষুধ কিংবা অন্যান্য সাধারণ কারণেও নখে পরিবর্তন আসতে পারে।

তাই নখে সামান্য পরিবর্তন দেখেই আতঙ্কিত না হয়ে সেটি পর্যবেক্ষণ করা উচিত। তবে কোনো পরিবর্তন হঠাৎ দেখা দিলে, দীর্ঘস্থায়ী হলে বা ক্রমশ বাড়তে থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ।