বাগেরহাটে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৬ শতাধিক রোগী

বাগেরহাটে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৬ শতাধিক রোগী

সংগৃহীত

বাগেরহাটে ডাকসু নেতার উদ্যোগে বিনামূল্যে ৬শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) দিনব্যাপি বাগেরহাট শহরের আলীয়া মাদরাসায় এই ক্যাম্পের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর কার্যনির্বাহী সদস্য মো. বেলাল হোসাইন অপু ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইনসাফ’।

ক্যাম্পে নাক, কান ও গলা, মেডিসিন, অর্থোপেডিক ও গাইনি বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা পরামর্শ প্রদান করেন। দিনব্যাপি এই ক্যাম্পে ৬শতাধিক রোগীকে চিকিৎসা পরমর্শ দেয়ার পাশাপাশি বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। এছাড়া ৫ শতাধিক মানুষকে বিনামূল্যে ডায়াবেটিস ও রক্তের গ্রুপ নির্ণয় করেছেন স্বেচ্ছাসেবকরা।

চিকিৎসাসেবা প্রদান করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের সহকারী অধ্যাপক ও সার্জন ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন, বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. সাধন কুমার মিস্ত্রি, অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. অনুপ কুমার ঘোষ এবং গাইনি বিশেষজ্ঞ ডা. ইসরাত জাহান।

বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়ে খুশি হতদরিদ্র রোগীরা। আব্দুস ছাত্তার নামের এক রোগী জানান, টাকা দিয়ে বড় ডাক্তার দেখানো তার পক্ষে খুবই কষ্টকর। গতকাল মাইকে এখানে ডাক্তার দেখানো যাবে বিনামূল্যে শুনে আসছেন তিনি। ডাক্তাররাও অনেক ভালোভাবে দেখেছেন। বিনামূল্যে চিকিৎসা পরামর্শের পরে ঔষধ পেয়ে খুশি এই বৃদ্ধ।

স্বেচ্ছাসেবী সংগঠন ইনসাফের সদস্য মো. জাকির হোসেন বলেন, ‘আলীয়া মাদরাসা, স্টেডিয়াম এলাকা, রেল বস্তি, মিঠাপুকুর পাড়, খারদ্বারসহ শহরের বেশিরভাগ এলাকায় হতদরিদ্র ও দিন মজুরদের বসবাস। সরকারি হাসপাতালে তারা পর্যাপ্ত সেবা পায় না। আবার টাকার অভাবে বেসরকারি চিকিৎসক দেখানোও সম্ভব নয়।’

তাই এই আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর কার্যনির্বাহী সদস্য মো. বেলাল হোসাইন অপু জানান, বাগেরহাটবাসীর স্বাস্থ্য সেবা নিশ্চিতে এমন উদ্যোগ নেয়া হয়েছে। রোগীরাও অনেক খুশি। ভবিষ্যতে বাগেরহাটের সকল ইউনিয়নে একই ধরণের মেডিকেল ক্যাম্প করা হবে বলে জানান এই ছাত্র নেতা।