এএফসি চ্যালেঞ্জ লিগে পুলিশ এফসির বিদায়
সংগৃহীত
প্রথমবারের মতো এএফসি চ্যালেঞ্জ লিগে অংশ নিয়ে বাজিমাত করেছে বাংলাদেশের ক্লাব ফর্টিস এফসি। তবে ফর্টিসের হাসিমুখের বিপরীতে হতাশা নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে আরেক প্রতিনিধি পুলিশ এফসি।
প্রাথমিক পর্বের লড়াইয়ে কিরগিজস্তানের শক্তিশালী ক্লাব মুরাস ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে মূল পর্বের টিকিট কেটে ইতিহাস গড়েছে ফর্টিস। অন্য ম্যাচে সিরিয়ার পরাশক্তি আল ইত্তিহাদ আহলির কাছে ১-০ ব্যবধানে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশ পুলিশ এফসির।
জর্ডানের কিং আব্দুল্লাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৪৪ মিনিটে এগিয়ে যায় আল ইত্তিহাদ। জাকারিয়া হান্নানের ভলি থেকে চমৎকার হেডে লক্ষ্যভেদ করেন ক্লাবটির ব্রাজিলিয়ান ডিফেন্ডার জর্দান রদ্রিগেস।
অবশ্য গোলটির আগেই হ্যান্ডবল হয়েছিল বলে পুলিশ এফসির খেলোয়াড়েরা জোরালো দাবি জানালেও তা নাকচ করে দেন ম্যাচ রেফারি।
এর আগে ম্যাচের ১৫ মিনিটে কাঙ্ক্ষিত গোল পেতে পারত পুলিশ এফসি।
ক্যামেরুনিয়ান ফরোয়ার্ড জুনিয়র এনগং স্যামের নেওয়া জোরালো দূরপাল্লার শটটি আল ইত্তিহাদের গোলরক্ষক শাহের আল শাকের দক্ষতার সঙ্গে প্রতিহত করেন। পিছিয়ে পড়ার পর আর ম্যাচে ফিরতে পারেনি পুলিশ এফসি, ফলে এএফসির মঞ্চে তাদের অভিষেক মিশনটি শেষ হলো খালি হাতেই।
উল্লেখ্য, অভ্যন্তরীণ বাংলাদেশ প্রিমিয়ার লিগের গত আসরে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্সআপ আবাহনী লিমিটেড এএফসির লাইসেন্সিং প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যর্থ হয়। এর ফলে লিগে চতুর্থ হওয়া সত্ত্বেও ফর্টিস এফসি ও পুলিশ এফসির সামনে এই আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার দুয়ার খুলে যায়। সেই সুযোগ পুরোপুরি কাজে লাগিয়ে ইতিহাস গড়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে ফর্টিস, আর প্রথম ম্যাচেই ছিটকে গেছে পুলিশ।