খুব সহজে তৈরি করুন মাংসের দই বড়া
ছবিঃ সংগৃহীত।
দই বড়া বলতেই সাধারণত ডাল দিয়ে তৈরি বড়া, তার ওপর টক-মিষ্টি দই চাটনির স্বাদই মনে আসে।তবে চেনা এই খাবারেই যদি একটু নতুনত্ব আনতে চান, তাহলে ডালের বদলে মাংস দিয়ে তৈরি করতে পারেন মজাদার মাংসের দই বড়া। অল্প উপকরণে তৈরি খাবারটি বিকেলের নাশতা, ছোটখাটো পারিবারিক আয়োজন কিংবা অতিথি আপ্যায়নে তৈরি করতে পারেন। চেনা দই বড়ার বদলে এই অভিনব পদটি পরিবেশন করতেই পারেন, যা ছোট-বড় সবারই পছন্দ করবে।
আসুন জেনে নেওয়া যাক বাড়িতে কীভাবে সহজে মাংসের দই বড়া তৈরি করবেন-
উপকরণ
মাংসের কিমা ২ কাপ
আলু সেদ্ধ ১-২টি
পেঁয়াজ কুচি আধা কাপ
ডিম ১টি
গরম মসলা গুঁড়া ১ চা চামচ
কাঁচামরিচ কুচি স্বাদমতো
গোলমরিচ গুঁড়া ১ চা চামচ
রোস্টেড জিরা গুঁড়া আধা চামচ
টক দই ২ কাপ
তেঁতুলের কাথ্ব ১ টেবিল চামচ
পুদিনার চাটনি ১ টেবিল চামচ
চিনি স্বাদমতো
লবণ স্বাদমতো
তেল প্রয়োজনমতো
প্রস্তুত প্রণালি
একটি পাত্রে মাংসের কিমা, সেদ্ধ আলু, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ডিম ও পরিমাণমতো গুঁড়া মসলা দিয়ে ভালোভাবে মেখে নিন। মিশ্রণটি যেন একসঙ্গে ভালোভাবে বাঁধা থাকে, সেদিকে খেয়াল রাখুন। এরপর মিশ্রণ থেকে ছোট ছোট অংশ নিয়ে লেচির মতো কেটে গোল বা চ্যাপ্টা বড়ার আকার দিন।
কড়াইতে তেল গরম করে মাঝারি আঁচে বড়াগুলো ছাড়ুন। ধীরে ধীরে উল্টেপাল্টে ভেজে চারপাশ সোনালি ও মচমচে করে নিন।
ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে আলাদা করে রাখুন।অন্য একটি পাত্রে টক দই ভালোভাবে ফেটিয়ে নিন। এতে বিট লবণ, রোস্টেড জিরার গুঁড়া, পুদিনা পাতা এবং কাঁচামরিচ বাটা মিশিয়ে নিন। স্বাদ অনুযায়ী লবণ ও সামান্য চিনি যোগ করতে পারেন।
এবার ভাজা মাংসের বড়াগুলো দইয়ের মিশ্রণে দিয়ে কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। এতে বড়ার ভেতরেও দইয়ের স্বাদ ভালোভাবে ঢুকে যাবে এবং বড়া নরম ও সুস্বাদু হবে।
সবশেষে পরিবেশন পাত্রে দইয়ে ভেজানো মাংসের বড়াগুলো সাজিয়ে ওপর থেকে রোস্টেড জিরার গুঁড়া, পুদিনা পাতা, কাঁচামরিচ বা সামান্য চাটনি ছড়িয়ে পরিবেশন করুন।