ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু
প্রতিকি ছবি
কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মো. আলাউদ্দিন (৩০) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী আনোয়ার হোসেন জানান, আলাউদ্দিন কারাগারে কয়েদি হিসেবে ছিলেন।
তার কয়েদি নম্বর ৩১/এ। তার বাবার নাম মজিদ মোল্লা। তবে তিনি কোন মামলায় কারাগারে ছিলেন এবং তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
তিনি আরও জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।