নতুন আবহে এলো ‘সোলস’-এর কালজয়ী সেই গান

নতুন আবহে এলো ‘সোলস’-এর কালজয়ী সেই গান

ছবি: সংগৃহীত

সোলস। দেশের সংগীতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যান্ডগুলোর একটি। দীর্ঘ ৫০ বছরের পথচলা, আর বহু শ্রোতানন্দিত গান। ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল দলটি। পথচলার অর্ধশত বছর পূর্তি চলছে ২০২৩ থেকেই। বিশেষ কনসার্ট আর বিখ্যাত গানগুলোকে নতুন আঙ্গিকে সামনে আনছে ব্যান্ডটি।

এবার প্রকাশ্যে এলো ‘সোলস’-এর কালজয়ী গান ‘এ এমন পরিচয়’। বুধবার (১২ আগস্ট) রাতে ইউটিউবে উন্মুক্ত করা হয়েছে গানটি। আনপ্লাগড ভার্সনে গানটি যেন নতুন আবহ পেয়েছে।

এ বছরের ২ মে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছিল বিশেষ কনসার্ট ‘সোলস আনপ্লাগড : ৫০ ইয়ার্স অব টাইমলেস মিউজিক’। মূলত সেখানে ধারণ করা গানটিই প্রকাশ করেছেন পার্থ বড়ুয়া ও তার সতীর্থরা। গানের সঙ্গে ভিডিওটিও সে কনসার্টে পরিবেশনার সময়কার।

‘এ এমন পরিচয়, অনুমতি প্রার্থনা’ গানটির কথা লিখেছিলেন সালাউদ্দিন সজল। সুর করেছেন পার্থ বড়ুয়া। এটি ‘সোলস’-এর পঞ্চম অ্যালবামের টাইটেল গান। অ্যালবামটি প্রকাশিত হয়েছিল ১৯৯৩ সালে। নতুন সংগীতায়োজনে গানটি শুনতে পেয়ে শ্রোতারাও বেশ উচ্ছ্বসিত।

উল্লেখ্য, ১৯৭৩ সালে চট্টগ্রাম থেকে যাত্রা করে ‘সোলস’। দীর্ঘ পথচলায় ১২টি স্টুডিও অ্যালবাম প্রকাশ করেছে দলটি। দেশ-বিদেশে কনসার্টে সফল ব্যান্ডগুলোর একটি। বিশ্বের বহু দেশে কনসার্ট করেছে ব্যান্ডটি।

বর্তমানে ‘সোলস’-এর লাইনআপে রয়েছেন পার্থ বড়ুয়া (গিটার ও কণ্ঠ), মীর মাসুম (কিবোর্ড), মারুফ হাসান তালুকদার (বেজ গিটার) ও অভিজিৎ সেনগুপ্ত (ড্রামস)।