কুড়িগ্রামে হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় চালককে জরিমানা

কুড়িগ্রামে হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় চালককে জরিমানা

সংগৃহীত ছবি

কুড়িগ্রামে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করে শব্দদূষণ করার অপরাধে এক যানবাহন চালককে ১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (১২ আগস্ট) বিকেলে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের ত্রিমোহনী বাজার এলাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

এ সময় শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা লঙ্ঘন করায় একটি যানবাহনের চালককে ১টি মামলায় ১ হাজার টাকা জরিমানা তাৎক্ষণিক আদায় এবং দুইটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মুল খায়ের সুমি ভ্রাম্যমাণ আদালতের বিচারিক দায়িত্ব পালন করেন। অভিযানে প্রসিকিউটর হিসেবে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম, আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উম্মুল খায়ের সুমি অভিযান বিষয়ে জানান, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।